জুড়ীতে গোয়ালঘর থেকে শটগান রামদা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের জুড়ী উপজেলার দক্ষিণ সাগরনাল গ্রামের একটি বাড়ির গোয়ালঘর থেকে গতকাল শুক্রবার শটগানসহ একটি রামদা উদ্ধার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। এ ব্যাপারে ওই বাড়ির মালিক কামাল আহমদের বিরুদ্ধে জুড়ী থানায় মামলা হয়েছে।
বিজিবি ও পুলিশ সূত্রে জানা গেছে, অস্ত্র লুকিয়ে রাখার গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির ফুলতলা ক্যাম্পের একটি দল বেলা ১০টার দিকে দক্ষিণ সাগরনালের কামাল আহমদের বাড়িতে অভিযান চালায়। একপর্যায়ে বাড়ির গোয়ালঘরের খড়ের গাদার নিচে একটি শটগান ও একটি রামদা পাওয়া যায়। পরে এসব অস্ত্র জব্দ করে পুলিশের কাছে দেওয়া হয়। এ ঘটনায় বিজিবির ফুলতলা ক্যাম্পের হাবিলদার মতিউর রহমান বাদী হয়ে বেলা সাড়ে তিনটার দিকে থানায় মামলা করেন।
বিজিবির ফুলতলা ক্যাম্পের কমান্ডার সুবেদার মো. শাহ আলম জানান, অভিযানকালে কামাল বা অন্য কোনো পুরুষকে বাড়িতে পাওয়া যায়নি।
মামলার সত্যতা নিশ্চিত করে জুড়ী থানার কর্তব্যরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) নূরুল হক হাওলাদার জানান, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বন বিভাগের জুড়ী-১ রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ মোখলেসুর রহমান জানান, সংরক্ষিত বনের গাছ চুরির অভিযোগে কামালের বিরুদ্ধে বন আইনে একাধিক মামলা রয়েছে।
এ ব্যাপারে বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে অভিযুক্ত কামাল আহমদের মুঠোফোন বন্ধ পাওয়া গেছে।