জুড়ীতে চা-শ্রমিক খুন নবীগঞ্জে ছাত্রের লাশ উদ্ধার
মৌলভীবাজারের জুড়ী উপজেলার শিলুয়া চা-বাগানে গত বৃহস্পতিবার গবিন রবিদাস (৫০) নামের এক শ্রমিক খুন হয়েছেন। একই দিন পুলিশ হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার জগন্নাথপুর গ্রামে অনুজ কান্তি রায় (২১) নামের এক ছাত্রের লাশ উদ্ধার করেছে।
জুড়ীতে চা-শ্রমিক খুন হওয়ার বিষয়ে প্রত্যক্ষদর্শী গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) ৫ নম্বর ওয়ার্ডের সদস্য দিলীপ ত্রিপাটি বলেন, বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে গবাদিপশুর জন্য ঘাস কেটে গবিন বাড়ি ফিরছিলেন। এ সময় শিলুয়া বাগানের বড় লাইন এলাকার বাসিন্দা রুবেল ভীম পেছন দিক থেকে এসে রড দিয়ে তাঁর মাথায় এলোপাতাড়ি আঘাত করতে থাকেন। একপর্যায়ে আশপাশের লোকজন এগিয়ে গেলে রুবেল পালিয়ে যান। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত আটটার দিকে গবিন মারা যান।
স্থানীয় সূত্র জানায়, দীপাবলি উপলক্ষে গত বুধবার সন্ধ্যার দিকে রুবেলসহ (২০) চার-পাঁচজন তরুণ গবিনের বাড়ির সামনে পটকা ফোটান। এ সময় গবিন তাঁদের সেখান থেকে সরে যেতে বলেন। এ নিয়ে গবিনের সঙ্গে তাঁদের কথা-কাটাকাটি হয়। জুড়ী থানার উপপরিদর্শক (এসআই) এ রকিব মুহাম্মদ গতকাল বলেন, রুবেলকে আটকের জন্য বৃহস্পতিবার রাতে তাঁর বাড়িতে অভিযান চালানো হয়। এ ঘটনায় হত্যা মামলা হবে।
নবীগঞ্জ থানার পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, অখিল রায়ের ছেলে অনুজ কান্তি রায় সিলেট মদনমোহন কলেজের ছাত্র। তিনি গত বুধবার বাড়ি থেকে সিলেটের উদ্দেশে বের হন। স্থানীয় লোকজন পরদিন বৃহস্পতিবার সকাল নয়টার দিকে একই গ্রামের শচীন্দ্র দাশের ধানের গোলায় অনুজের লাশ দেখতে পান। খবর পেয়ে তাঁর পরিবারের লোকজন সেখানে ছুটে যান। পরে নবীগঞ্জ থানার এসআই নজরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ সেখানে গিয়ে তাঁর লাশ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠান।