জুড়ীতে ছাত্রদলের দুপক্ষের পাল্টাপাল্টি ধাওয়া
মৌলভীবাজারের জুড়ী উপজেলা সদরে গতকাল রোববার দুপুরে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে। সংগঠনের নবঘোষিত কমিটি নিয়ে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটে।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা গেছে, ৩ মার্চ মৌলভীবাজার জেলা ছাত্রদলের আহ্বায়ক জাকির হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক গাজী মারুফ ও যুগ্ম আহ্বায়ক জি এম মোক্তাদির জুড়ীতে আজহার আহমদ ওয়াসিমকে আহ্বায়ক করে উপজেলা এবং জাবের আহমদকে আহ্বায়ক করে তৈয়বুন্নেছা খানম একাডেমি ডিগ্রি কলেজ কমিটি অনুমোদন করা হয়। এ পরিপ্রেক্ষিতে জেলার নেতাদের স্বাগত জানিয়ে বেলা দুইটার দিকে উপজেলা সদরের কলেজ সড়ক থেকে উপজেলা ও কলেজের নতুন কমিটির নেতা-কর্মীরা মিছিল বের করেন। মিছিলটি ভবানীগঞ্জ বাজার চৌমোহনা চত্বরে পৌঁছালে ছাত্রদলের অপর পক্ষের নেতা-কর্মীরা মিছিলকারীদের হাত থেকে ব্যানার কেড়ে নিয়ে তাঁদের তাড়িয়ে দেন। কিছু সময় পর নতুন কমিটির নেতা-কর্মীরা কলেজ সড়ক থেকে পুনরায় মিছিল নিয়ে চৌমোহনায় এলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এ সময় এক পক্ষ আরেক পক্ষকে লাঠিসোঁটা নিয়ে ধাওয়া করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে উভয় পক্ষের নেতা-কর্মীরা সরে যান।
এর আগে গত শুক্রবার উপজেলা ও কলেজ কমিটি বাতিলের দাবিতে ছাত্রদলের বিক্ষুব্ধ নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল, সংগঠনের জেলা কমিটির আহ্বায়ক ও দুই যুগ্ম আহ্বায়ককে অবাঞ্ছিত ঘোষণা করেন।
ছাত্রদলের একাংশের নেতা ও সংগঠনের তৈয়বুন্নেছা খানম একাডেমি ডিগ্রি কলেজ কমিটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক শামীম আহমদ বলেন, ত্যাগী নেতা-কর্মীদের বাদ দিয়ে অছাত্র, বিবাহিত ও আওয়ামী লীগের দালালদের দিয়ে জেলা কমিটি উপজেলা ও কলেজ কমিটি অনুমোদন করেছে। এ কমিটি নেতা-কর্মীরা মানেন না। তাই তাঁরা মিছিলে বাধা দিয়েছেন।
তবে নবঘোষিত উপজেলা কমিটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক শাহীন আহমদ বলেন, নতুন কমিটিতে ত্যাগী নেতা-কর্মীরাই স্থান পেয়েছেন। জেলা কমিটি যাচাই-বাছাই করেই কমিটি অনুমোদন করেছে। পূর্ণাঙ্গ কমিটি হলে পদবঞ্চিতদের মূল্যায়ন করা হবে।
জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হামিদুর রহমান সিদ্দিকী মুঠোফোনে বলেন, নতুন কমিটি নিয়ে বিরোধের জেরে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়েছিল। তবে পুলিশ যাওয়ার পর দুই পক্ষই পালিয়ে গেছে।