জুড়ীতে দুই পুলিশ সদস্য প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় ঘুষ না পেয়ে এক মোটরসাইকেলের চালককে পুলিশের দুই সদস্য মারধর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার উপজেলার উত্তর চৌমোহনা এলাকায় এ ঘটনা ঘটে। প্রতিবাদে স্থানীয় লোকজন সড়ক অবরোধ করলে পুলিশের ওই দুই সদস্যকে প্রত্যাহার করা হয়।
এলাকাবাসী ও মোটরসাইকেলের চালকের সূত্রে জানা গেছে, গতকাল দুপুর ১২টার দিকে উপজেলা শহরের উত্তর চৌমোহনা এলাকায় পুলিশের একটি দল মোটরসাইকেলের কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা করছিল। এ সময় রহিম উদ্দিন নামের স্থানীয় এক ব্যক্তির মোটরসাইকেল আটকে কাগজপত্র দেখে ছেড়ে দেওয়া হয়। একপর্যায়ে সামনে এগিয়ে দেওয়ার কথা বলে সেখানে থাকা পুলিশ সদস্য আবদুল মতিন চালক রহিমকে নিয়ে তঁার মোটরসাইকেলে করে থানায় যান। সেখানে পৌঁছানোর পর মতিন রহিমের সাইকেলের চাবি কেড়ে নিয়ে থানার ভেতরে ঢুকে পড়েন। পরে থানার সামনের দোকানে বসা কনস্টেবল মনির ও লতিফ এগিয়ে এসে রহিমের কাছ থেকে ঘটনাটি জেনে সাইকেলটি ছাড়িয়ে দিতে ৫০০ টাকা ঘুষ দাবি করেন। এতে রাজি না হওয়ায় তাঁরা ক্ষিপ্ত হয়ে রহিমকে মারধর করেন।
ঘটনাটি জানাজানি হলে এলাকাবাসী বেলা একটার দিকে উত্তর চৌমোহনা এলাকায় বড়লেখা-জুড়ী সড়ক অবরোধ করে রাখেন। পরে কনস্টেবল মনির ও লতিফকে প্রত্যাহার করে নেওয়া হলে বেলা দুইটার দিকে অবরোধ তুলে নেওয়া হয়।
বড়লেখা থানার (ওসি) মনিরুজ্জামান বলেন, মোটরসাইকেল চেকিং নিয়ে পুলিশের সঙ্গে লোকজনের ভুল-বোঝাবুঝি হয়েছিল। পরে পরিস্থিতি শান্ত হয়। আর দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে কনস্টেবল মনির ও লতিফকে তাৎক্ষণিক প্রত্যাহার করে মৌলভীবাজার পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।