জুড়ীতে মাদ্রাসাশিক্ষককে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের জুড়ীর সদর জায়ফরনগর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে গত বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তদের হামলায় আবদুল লতিফ (৩২) নামের এক মাদ্রাসাশিক্ষক আহত হয়েছেন।
তিনি স্থানীয় বাহাদুরপুর হাফিজিয়া মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসার গণিত বিষয়ের শিক্ষক ও বাহাদুরপুর গ্রামের বাসিন্দা। তাঁকে কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, লতিফ টিউশনি শেষ করে হেঁটে বাড়ি ফিরছিলেন। রাত নয়টার দিকে বাড়ির কাছাকাছি পৌঁছালে একদল দুর্বৃত্ত দা ও লাঠিসোঁটা নিয়ে তাঁর ওপর হামলা চালায়। তারা লতিফকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে।
কুলাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা আলাউদ্দিন-আল-আজাদ গতকাল শুক্রবার বিকেলে বলেন, লতিফের ডান পায়ের নিচের দিকে, বাঁ হাতের কনুই ও কয়েকটি আঙুলে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তাঁর চিকিৎসা চলছে।
জুড়ী থানার ওসি গাজী মোহাম্মদ সাখাওয়াত হোসেন গতকাল বেলা আড়াইটার দিকে জানান, এ ব্যাপারে আহত শিক্ষকের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
তবে এলাকাবাসী জানিয়েছেন, শিক্ষকতার পাশাপাশি লতিফ তালামীযে ইসলামিয়া নামের একটি রাজনৈতিক সংগঠনের সমর্থক। গত রমজান মাসে মাদ্রাসায় ইফতার মাহফিলের আয়োজন করাকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর স্থানীয় কয়েকজন কর্মীর সঙ্গে তাঁর বিরোধ দেখা দেয়।