জুড়ীর নিখোঁজ স্কুলছাত্র ঢাকায় উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের জুড়ী উপজেলার নিখোঁজ স্কুলছাত্র মো. মুকরামিন হোসেনের (১৪) সন্ধান মিলেছে। গতকাল শুক্রবার রাতে রাজধানী ঢাকার মধ্য বাড্ডা এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।

মুকরামিন জুড়ী উপজেলা সদরে অবস্থিত জুড়ী মডেল উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ও ডাকঘর সড়ক এলাকার বাসিন্দা মো. মহরম আলীর ছেলে। ১ সেপ্টেম্বর মসজিদে এশার নামাজ পড়ার জন্য বাসা থেকে বের হয়ে সে আর ফেরেনি। এ ঘটনায় তার বাবা পরের দিন বিকেলে জুড়ী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
জুড়ীতে স্কুলছাত্র পাঁচ দিন ধরে নিখোঁজ

মুকরামিনের চাচা মো. ওসমান আলীর ভাষ্য, গতকাল রাত ১০টার দিকে অজ্ঞাতনামা এক ব্যক্তি তাঁর মোবাইল ফোনে কল করে জানান, মুকরামিন মধ্য বাড্ডার একটি রেস্তোরাঁয় রয়েছে। এ খবর পেয়ে রাত সাড়ে ১০টার দিকে তিনি ওই রেস্তোরাঁয় গিয়ে মুকরামিনকে একা বসে থাকতে দেখেন। এ সময় ওই ব্যক্তিকে ফোন করলে ফোন বন্ধ পাওয়া যায়।

রেস্তোরাঁর ব্যবস্থাপক ও কর্মীরা তাঁকে জানান, রাত সোয়া ১০টার দিকে এক ব্যক্তি মুকরামিনকে সেখানে বসিয়ে কিছু আনতে যাচ্ছেন বলে বাইরে যান। এরপর আর ফেরেননি। পরে তিনি মুকরামিনকে নিয়ে বাসায় ফেরেন।

মুকরামিনের চাচার ভাষ্য, মুকরামিন তাঁকে দেখেই জড়িয়ে ধরে কান্নাকাটি শুরু করে। এ সময় তাকে অস্বাভাবিক দেখাচ্ছিল। তাকে চিকিত্সকের কাছে নিয়ে যাওয়ার পর চিকিত্সক বলেছেন, মুকরামিন প্রচণ্ড ভয় পেয়েছে। সে এখনো ভালোমতো কথা বলতে পারছে না।

জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মোহাম্মদ সাখাওয়াত হোসেন আজ দুপুর ১২টার দিকে জানান, মুকরামিনকে উদ্ধারের ঘটনাটি তিনি শুনেছেন। টাকার জন্য কোনো প্রতারক চক্র এ কাজ করতে পারে বলে পুলিশের ধারণা। সে সুস্থ হয়ে উঠলে বিস্তারিত তার কাছ থেকে জেনে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আজ প্রথম আলোয় ‘পাঁচ দিন ধরে স্কুলছাত্র নিখোঁজ, টাকা দাবি’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।