জুড়ীর সেই অবৈধ স্থাপনা অবশেষে উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের জুড়ী উপজেলার সদর জায়ফরনগর ইউনিয়নের জাঙ্গিরাই গ্রামে খাসজমি দখল করে নির্মিত অবৈধ স্থাপনা গতকাল সোমবার ভ্রাম্যমাণ আদালত উচ্ছেদ করেছেন।

উপজেলা ভূমি কার্যালয় সূত্রে জানা গেছে, জাঙ্গিরাই গ্রামে আবুল হোসেন নামের দুবাইপ্রবাসী এক ব্যক্তি গত জুলাই মাসে খাসজমি ও খালের প্রায় তিন শতক জায়গা দখল করে সীমানাপ্রাচীর এবং কালভার্ট নির্মাণ করেন। জুড়ী নদীর সঙ্গে যুক্ত ওই খালের পানি সেচে শুষ্ক মৌসুমে এলাকার লোকজন বোরো ধান ও রবিশস্যের আবাদ করেন।

এ ব্যাপারে এলাকাবাসীর পক্ষ থেকে ৩ আগস্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়। অভিযোগের সত্যতা পেয়ে ইউএনও ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অবৈধ স্থাপনা অপসারণে সময়সীমা বেঁধে দিয়ে আবুল হোসেনের নামে দুই দফা নোটিশ পাঠান। কিন্তু নির্ধারিত সময়সীমার মধ্যে তা অপসারণ করা হয়নি।

সূত্র জানায়, গতকাল দুপুর ১২টার দিকে মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের জ্যেষ্ঠ সহকারী কমিশনার ও নির্বাহী হাকিম মোহাম্মদ মাহমুদুল হকের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের একটি দল অভিযান চালিয়ে খাসজমিতে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন।

অভিযানকালে মৌলভীবাজারের জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার পূর্বিতা চাকমাসহ উপজেলা ও জায়ফরনগর ইউনিয়ন ভূমি কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আদালত পরিচালনাকারী জ্যেষ্ঠ সহকারী কমিশনার মোহাম্মদ মাহমুদুল হক বলেন, ‘উচ্ছেদের পর জমির দখলনামা উপজেলার সহকারী কমিশনারের (ভূমি) কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। প্রথম আলোয় প্রকাশিত প্রতিবেদন এ কার্যক্রমকে ত্বরান্বিত করেছে।’

গত ১৯ আগস্ট ও ২৮ অক্টোবর ‘জুড়ীতে সরকারি জমিতে অবৈধ স্থাপনা’ ও ‘জুড়ীতে প্রশাসনের একাধিক নোটিশ উপেক্ষা, সেই জমির স্থাপনা অপসারণ হয়নি, হচ্ছে নতুন ভবন’ শিরোনামে দুটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।