জুতা উদ্ধারের ১০ দিন পরও শনাক্ত হয়নি খুনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কদমতলীতে স্কুলছাত্র স্বাধীন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত একজনের এক জোড়া রক্তমাখা জুতা উদ্ধার হয়েছে ১০ দিন আগে। কিন্তু এত দিনেও জুতার মালিক শনাক্ত হয়নি। সন্দেহভাজন হিসেবে একজনকে আটক করা হয়েছিল। তাকেও জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দিয়েছে পুলিশ।
গত ২৮ মার্চ কদমতলীর দক্ষিণ দনিয়ার বর্ণমালা সড়কের ৭৯৮/২ নম্বর বাসায় স্বাধীনকে (১৬) জবাই করে হত্যা করা হয়। এর এক দিন পর ঘটনাস্থল থেকে রক্তমাখা এক জোড়া জুতা উদ্ধার করে কদমতলী থানার পুলিশ। স্বাধীনের পরিবারের দাবি, রক্তমাখা জুতা খুনির। হত্যাকাণ্ড শেষে তাড়াহুড়ো করে পালিয়ে যাওয়ার সময় জুতা জোড়া ফেলে যায় খুনি।
জানতে চাইলে কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী প্রথম আলোকে বলেন, সন্দেহভাজন হিসেবে সাগর নামের স্বাধীনের এক বন্ধুকে আটক করা হয়েছিল। তাকে জিজ্ঞাসাবাদ করে হত্যাকাণ্ডের সঙ্গে তার জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়নি। তাই তাকে ছেড়ে দেওয়া হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে জানিয়েছেন ওসি।
গতকাল শনিবার দুপুরে বর্ণমালা সড়কের ৭৯৮/২ নম্বর বাসায় গিয়ে বাসাটি তালাবদ্ধ পাওয়া যায়। এই বাসাতেই মা রিনা বেগমের সঙ্গে থাকত স্বাধীন। স্থানীয় বাসিন্দাদের কয়েকজন বলেন, স্বাধীন খুন হওয়ার পর থেকে এই বাসায় তার পরিবারের কেউ থাকেন না। তবে কয়েকবার পুলিশ এসে বাসার দরজা খুলে ঘটনাস্থল পরিদর্শন করেছে।
মুঠোফোনে রিনা বেগম প্রথম আলোকে বলেন, স্বাধীনের বন্ধুদেরই কেউ তাকে হত্যা করেছে। বন্ধুদের গ্রেপ্তার করলেই ঘটনার সত্যতা বেরিয়ে আসবে। তিনি বলেন, পুলিশ স্বাধীনের কয়েকজন বন্ধুকে আটক করেছিল। তাদের জিজ্ঞাসাবাদে পুলিশ কোনো তথ্য পায়নি বলে জানিয়েছে।
সন্তান হত্যার বিচারের দাবি করে রিনা বেগম বলেন, ‘দিনদুপুরে আমার ছেলেকে হত্যা করা হলো। আমি ছেলে হত্যার বিচার চাই।’
স্বাধীনের মামা মারুফ আহমেদ হত্যারহস্য উদ্ঘাটনে পুলিশের ভূমিকা নিয়ে হতাশা প্রকাশ করে বলেন, ঘটনার ১৩ দিন পরও পুলিশ কোনো কূলকিনারা পাচ্ছে না। তিনি বলেন, জুতা উদ্ধারের সূত্র ধরে পুলিশ সাগরের বাসা থেকে একটি রক্তমাখা প্যান্টও উদ্ধার করেছিল। এখন পুলিশ বলছে, প্যান্টে রক্ত ছিল না।
জানতে চাইলে কদমতলী থানার ওসি বলেন, ‘হত্যারহস্য উদ্ঘাটনে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। সাগরের বাসা থেকে উদ্ধার করা প্যান্টে কিছু দাগ পাওয়া যায়। প্রথমে দাগগুলো রক্তের মনে হয়েছিল। কিন্তু পরে পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায়, এটি রক্তের দাগ নয়, অন্য কিছুর।’