জুতাপেটা করে ধর্ষণ চেষ্টার বিচার করলেন মাতবরেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

গোপালগঞ্জের কোটালীপাড়ায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টার অপরাধে দুই যুবককে জুতাপেটা করে বিচারকাজ শেষ করা হয়েছে। গত মঙ্গলবার কোটালীপাড়া উপজেলার কুশলা ইউনিয়নে সালিস বৈঠক করে অভিযুক্ত যুবকদের শাস্তি দেওয়া হয়।

ধর্ষণচেষ্টায় অভিযুক্ত ওই দুই যুবক হলেন কোটালীপাড়া উপজেলার মান্দ্রা গ্রামের হামিদ শেখ (১৯) ও একই গ্রামের হালিম শিকদার (১৮)। গত সোমবার সন্ধ্যায় ষষ্ঠ শ্রেণির ওই ছাত্রীকে তাঁরা ধর্ষণের চেষ্টা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

ওই স্কুলছাত্রীর বাবা বলেন, গত সোমবার সন্ধ্যায় তাঁর মেয়ে বাড়ির পাশে এক শিক্ষকের বাড়িতে প্রাইভেট পড়তে যাচ্ছিল। এ সময় হামিদ শেখ ও হালিম শিকদার নামের দুই যুবক তাঁর মেয়েকে ধর্ষণের চেষ্টা করেন। তাঁর মেয়ের চিৎকারে তিনি ও আশপাশের লোকজন ছুটে এলে ওই দুই যুবক পালিয়ে যান। 

তিনি আরও বলেন, এলাকার মুরব্বিদের অনুরোধে সালিস বৈঠকের মাধ্যমে বিষয়টি মীমাংসা হয়েছে। সালিস বৈঠকে ওই দুই যুবককে জুতাপেটা করা হয়েছে। এ ছাড়া সাদা কাগজে একটি মীমাংসাপত্র লেখা হয়েছে। যেহেতু মেয়ের ব্যাপার, তাই তিনি আইন–আদালত করতে যাননি।

এলাকায় বিষয়টি জানাজানি হয়ে গেলে গতকাল মঙ্গলবার মান্দ্রা গ্রামের আজাহার শেখের বাড়িতে সালিস বৈঠক হয়। সালিস বৈঠকে হাবিব ডাক্তার, ইলিয়াস শেখ, হামিম শেখ, সালাম দাড়িয়া, ইলিয়াছ শেখ, মামুন শেখ, হাসান মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মান্দ্রা গ্রামের হাবিব ডাক্তারের সঙ্গে কথা হলে তিনি বলেন, এলাকার শান্তির জন্য হামিদ ও হালিমকে জুতাপেটা করা হয়েছে। বিষয়টি আইন–আদালতে গেলে মেয়েটির বিষয়ে লোকজন বিষয়টি জানত। তাই সালিসের ব্যবস্থা করেছেন এলাকার মুরব্বিরা। তবে ওই দুই যুবকের অভিভাবকেরাই তাঁদের জুতাপেটা করেছেন বলে তিনি মন্তব্য করেন।

অভিযুক্ত হামিদ শেখের বাবা দাবি করেন, তাঁর ছেলে ওই মেয়েকে ধর্ষণচেষ্টার মতো কোনো ঘটনা ঘটাননি। তিনি গ্রাম্য রাজনীতির শিকার। তারপরও এলাকার মুরব্বিদের রায়কে অসম্মান করেননি তিনি।

এ বিষয়ে কোটালীপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. জাকারিয়া বলেন, ধর্ষণের চেষ্টার ঘটনা সালিস বৈঠকের মাধ্যমে মীমাংসা করার আইনগত কোনো বিধান নেই। ওই স্কুলছাত্রীর পরিবারের পক্ষ থেকে অভিযোগ করলে অভিযুক্ত ব্যক্তিদের ও সালিসকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।