জুতার তলায় ফের মিলল সোনার বার
পাঁচ দিনের ব্যবধানে যশোরের বেনাপোল তল্লাশিচৌকিতে আবারও এক ব্যক্তির জুতার তলা থেকে সোনার বার আটক করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে সেলিম হাওলাদার (৫০) নামের ওই ব্যক্তিকেও। আজ সোমবার সকালে তাঁকে আটক করে বন্দর থানায় চোরাচালানের মামলা দিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
আটক করা সোনার পাঁচটি বারের ওজন ১ কেজি ২৯৩ গ্রাম। সেলিম হাওলাদারের বাড়ি মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায়।
১২ জুলাই একইভাবে ভারত যাওয়ার সময় মো. পারভেজ নামের এক যাত্রীকে আটক করা হয়েছিল। তাঁর জুতার ভেতর থেকে সোনার সাতটি বার পাওয়া গিয়েছিল। আটক সোনার পরিমাণ ৭২৫ গ্রাম।
শুল্ক গোয়েন্দা সূত্রে জানা গেছে, ভারত-বাংলাদেশের বেনাপোল শূন্যরেখা এলাকা থেকে সেলিম হাওলাদার নামের এক পাসপোর্ট যাত্রীকে আটক করা হয়। পরে তাঁর জুতার তলায় লুকানো অবস্থায় সোনার পাঁচটি বার উদ্ধার হয়।
এ ব্যাপারে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর বেনাপোলের উপপরিচালক আবদুস সাদেক বলেন, বেনাপোল সীমান্ত দিয়ে ওই সোনা ভারতে পাচার জন্য আনা হয়েছে। উদ্ধার করা সোনার দাম ৬২ লাখ টাকা; যা বেনাপোল কাস্টম হাউসে জমা করা হয়েছে।