জুতার তলায় সোনার বার

বেনাপোল দিয়ে ভারত যাওয়ার সময় জুতার ভেতর থেকে সোনার সাতটি বারসহ মো. পারভেজ নামের এক যাত্রীকে আটক করেছেন শুল্ক গোয়েন্দারা।
আজ বুধবার সকাল সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে। আটক সোনার পরিমাণ ৭২৫ গ্রাম।
পারভেজ নারায়ণগঞ্জ বন্দর থানার দক্ষিণ লক্ষণ খোলা গ্রামের বাসিন্দা।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান বলেন, পারভেজের পায়ে থাকা জুতার তলায় বিশেষ কায়দায় সোনার বারগুলো লুকানো ছিল।
পারভেজ শুল্ক বিভাগের আনুষ্ঠানিকতা শেষ করে দুই দেশের শূন্যরেখায় যাওয়ার ফটকে যান। তখন তাঁকে দেখে শুল্ক গোয়েন্দা শাখার কর্মকর্তাদের সন্দেহ হয়। এরপর তাঁকে আটক করে তল্লাশি করা হয়। এ সময় তাঁর জুতার তলায় লুকানো অবস্থায় সোনার বারগুলো পাওয়া যায়।
এ ব্যাপারে জানতে চাইলে বেনাপোল শুল্ক গোয়েন্দা শাখার উপপরিচালক আবদুস সাদেক হোসাইন বলেন, ‘আটক করা সোনার মূল্য ৩৫ লাখ টাকা। ওই সোনা বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচার করা হচ্ছিল। এ ঘটনায় বেনাপোল বন্দর থানায় সোনা চোরাচালানের মামলা করা হয়েছে এবং আটক ব্যক্তিকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’