জুন মাসে হঠাৎ খুন বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি বছরের প্রথম পাঁচ মাসে চট্টগ্রাম নগরে খুন হয়েছেন ৩৩ জন। গড়ে প্রতি মাসে খুনের ঘটনা ঘটেছে প্রায় সাতটি। কিন্তু জুন মাসে হঠাৎ করে নগরে খুনের ঘটনা বেড়ে গেছে। এ মাসের প্রথম ২২ দিনে খুন হয়েছেন ১১ জন। একের পর এক খুনের ঘটনায় নগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন সাধারণ মানুষ।
বেশির ভাগ খুনের ঘটনা ঘটেছে রোজা শুরু হওয়ার পর। অথচ রোজার সময় সাধারণত খুনসহ অন্যান্য অপরাধের ঘটনা কম হয় বলে পুলিশ জানায়। ৭ জুন রোজা শুরু হওয়ার পর থেকে ২২ জুন পর্যন্ত রোজার ১৬ দিনে নগরে খুন হয়েছেন আটজন। গত রমজান মাসে চট্টগ্রাম নগরে চারজন খুন হন।
এবার রোজা শুরু হওয়ার আগে ২ জুন রাতে নগরের আলকরণ ও নিউমার্কেট এলাকায় ছুরিকাঘাতে খুন করা হয় দুই যুবককে। ৫ জুন সকালে বাসা থেকে ছেলেকে স্কুলবাসে পৌঁছে দেওয়ার পথে নগরের জিইসি এলাকায় খুন হন পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম। এ ঘটনায় জঙ্গিরা জড়িত থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।
তবে বেশির ভাগ খুনের ঘটনার পেছনে ব্যক্তিগত বিরোধ ও পূর্বশত্রুতা কাজ করেছে বলে জানায় পুলিশ। কয়েকটি খুনের ঘটনায় পারিবারিক বা সামাজিক বিরোধও কাজ করেছে। ১০ জুন সকালে নগরের আমবাগান এলাকার একটি নর্দমা থেকে মো. আশরাফ নামে এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। তাঁকে আগের রাতে মাদারবাড়ী এলাকা থেকে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। ২০ জুন সন্ধ্যার পর মাত্র দুই ঘণ্টার মধ্যে নগরের হামজারবাগে কিশোর ও তরুণ এবং পোস্তারপাড় এলাকায় এক পোশাককর্মী খুন হন। সর্বশেষ ২২ জুন নগরের গোলপাহাড় এলাকার একটি বাড়ির নিচতলা থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ।
চট্টগ্রাম নগর পুলিশের অপরাধ দমন শাখার তথ্য অনুযায়ী, এ বছরের জানুয়ারি, ফেব্রুয়ারি ও মে মাসে ছয়জন করে মোট ১৮ জন খুন হন। এ ছাড়া মার্চে সাত ও এপ্রিলে আটজন খুন হন।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত কমিশনার দেবদাস ভট্টাচার্য বলেন, ‘সামাজিক অস্থিরতা ও নৈতিক অবক্ষয় থেকে খুনখারাবি ঘটছে। এর সঙ্গে মাদকের যোগসূত্র রয়েছে।’