জুনায়েদকে বস্তায় ভরে বিলের পানিতে ফেলে দেয় খুনিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের আলীনগর মাদ্রাসার ছাত্র জুনায়েদ মিয়া (১০) হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ।
হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া সুমন মিয়ার (২০) দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি থেকে রহস্য উদ্ঘাটন হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গতকাল শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কথা জানিয়েছে পুলিশ। গত বৃহস্পতিবার সুমন আদালতে ১৬৪ ধারায় এ জবানবন্দি দেয়।
জুনায়েদ হত্যা মামলার তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঈনুর রহমান বলেন, দুটি মুঠোফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
এদের মধ্যে সানাউল্লাহ মিয়াকে (২৮) গত ২৬ অক্টোবর, সুমন মিয়াকে (২০) গত বুধ ও সুকুমার চন্দ্র দাসকে (৩০) বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় সুমন জ্যেষ্ঠ বিচারিক হাকিম সিরাজাম মুনিরার আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়। সুমন আগে গ্রেপ্তার হওয়া সানাউল্লাহর শ্যালক।
জবানবন্দিতে সুমন বলে, তাঁর দুলাভাই সানাউল্লাহর চাচাতো ভাই জুনায়েদ। মূলত মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যেই সানাউল্লাহ, সে ও সুকুমার মিলে জুনায়েদকে অপহরণ করে। গত ১৩ সেপ্টেম্বর সে সরাইল আলীনগর মাদ্রাসার সামনে থেকে জুনায়েদকে ফুসলিয়ে ধরন্তী বিলে বেড়াতে নিয়ে যায়। পূর্বপরিকল্পনা অনুযায়ী সুমন ও সুকুমারও সেখানে যায়। নৌকায় চড়ে নদীর মাঝামাঝি যাওয়ার পর জুনায়েদ সুমন ও সুকুমারকেও চিনে ফেললে তারা শিশুটিকে হত্যার পরিকল্পনা করে। প্রথমে গলা টিপে হত্যার চেষ্টা করেও না পেরে তিনজনে মিলে জুনায়েদকে একটি বস্তায় ভরে তার পরনের পাঞ্জাবি দিয়ে বস্তার মুখ বেঁধে পানিতে ফেলে দেয়। এরপর সুমন তার মুঠোফোন থেকে জুনায়েদের চাচা নাজমুল হকের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে সুমন ভৈরব, সানাউল্লাহ সরাইল এবং সুকুমার সরাইলের আখিঁতারায় চলে যায়। ১৪ সেপ্টেম্বর জুনায়েদের পরিবার সুমনের মুঠোফোনে বিকাশ করে ২০ হাজার টাকা পাঠায়। এ টাকা থেকে সুমন চার হাজার, সানাউল্লাহ ও সুকুমার আট হাজার টাকা করে নেয়। ১৫ সেপ্টেম্বর ধরন্তী বিলে পরিত্যক্ত একটি ইটভাটায় জুনায়েদের লাশ পাওয়া যায়।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, সুমনের মুঠোফোন নম্বর ট্র্যাকিং করে প্রথমে সানাউল্লাহকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী গত বুধবার সুমন ও বৃহস্পতিবার সুকুমারকে গ্রেপ্তার করা হয়।
জুনায়েদ সরাইলের আলীনগর জামিয়া ইসলামিয়া (কওমি) মাদ্রাসার ছাত্র ছিল। শিশুটির লাশ পাওয়ার পর তাঁর বাবা রফিকুল ইসলাম ১৬ সেপ্টেম্বর সরাইল থানায় একটি মামলা দায়ের করেন।