জুমের এক হাজার পানগাছ কেটে নিল দুর্বৃত্তরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কালেঞ্জী খাসিয়াপুঞ্জির চারটি জুম (চাষাবাদ এলাকা) থেকে এক হাজার পানগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। ঘটনাটি গত বুধবার রাতে আদমপুর ইউনিয়নে ঘটে।
পুঞ্জির বাসিন্দারা বলেন, গত বুধবার রাতে কালেঞ্জী খাসিয়াপুঞ্জির খাসিয়া ৪০টি পরিবার ২০১৫ সালকে বরণ করার অনুষ্ঠানে ব্যস্ত ছিল। এ সুযোগে একদল দুর্বৃত্ত খাসিয়াপুঞ্জির আবাসিক এলাকার বাইরের পান জুম এলাকায় ঢোকে। তাঁরা চারটি জুম থেকে এক হাজার পানগাছ কেটে ফেলে। পুঞ্জিপ্রধান (পুঞ্জির হেডম্যান) নাইট খেল ইয়েম বলেন, গাছ কেটে ফেলায় কমপক্ষে ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুর রহমান বলেন, বিভিন্ন মহল খাসিয়াদের নানাভাবে হয়রানি করে। এ ধরনের কোনো ব্যক্তি বা গোষ্ঠী পরিকল্পিতভাবে গাছ কেটেছে বলে অভিযোগ করেন তিনি।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, আইনিভাবে খাসিয়া ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তা দেওয়া হবে। কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এনামুল হক বলেন, একজন উপপরিদর্শক ঘটনাস্থলে পরিদর্শন করবেন। তদন্তের পর এ বিষয়ে মামলা হবে।