জুয়া ও অশ্লীল নাচ চলছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে আনন্দমেলার নামে রাতভর চলা জুয়া, অশ্লীল নাচ ও লটারি—কিছুই বন্ধ হয়নি। সংবাদপত্রে খবর প্রকাশের পর দুই দিন থেমে আবার চলছে সবই। তবে পুলিশের গাড়ি আর রাতভর পাহারায় থাকছে না।

নগরের নওদাপাড়া কেন্দ্রীয় বাস টার্মিনালের ভেতরে জেলা মোটর শ্রমিক ইউনিয়ন আনন্দমেলার নামে এই আয়োজন করেছে। গত ২৪ আগস্ট আনুষ্ঠানিকভাবে এই মেলার উদ্বোধন করা হয়। কিন্তু কর্তৃপক্ষ সে সময় জুয়া ও অশ্লীলতার অভিযোগে দুই দিন পরেই মেলা বন্ধ করে দেয়। এরপর সপ্তাহ খানেক বিরতি দিয়ে কর্তৃপক্ষের কোনো অনুমতির তোয়াক্কা না করেই আবার মেলা চালু করা হয়। সারা দিন নগরের ভেতরে মিশুক আর অটোরিকশায় মাইক বেঁধে আকর্ষণীয় ঘোষণা দিয়ে চলছে মেলার মাইকিং। এ ব্যাপারে গত ২১ সেপ্টেম্বর প্রথম আলোয় ‘রাজশাহী বাস টার্মিনাল—পুলিশ পাহারায় জুয়া হাউজি অশ্লীল নাচ’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর মাত্র দুই দিন মেলার এই আয়োজন বন্ধ রাখা হয়। তার পর থেকে আবার সব শুরু করা হয়েছে।

গত বুধ ও বৃহস্পতিবার রাতে মেলায় গিয়ে দেখা যায়, সবকিছুই আগের মতোই চলছে। বিশাল প্যান্ডেলের ভেতরে ঝোলানো আটটি সিলিং ফ্যান আগের মতোই ঘুরছে। এনার্জি সেভিং সাদা আলোর বাতিও জ্বলছে। এর ভেতরে আগের মতোই চলছে সাতটি জুয়ার বোর্ড। আগে বাইরে গাড়ি নিয়ে পাহারায় ছিল পুলিশ। এখন শুধু পুলিশ নেই।

সুবিশাল হাউজির প্যান্ডেলে কোনো চেয়ার খালি নেই। শত মানুষ চারদিকে ঘিরে আছে। আরেক পাশে চলছে র‌্যাফল ড্র, জাদু ও যাত্রা। জাদু ও যাত্রার নামে আগের মতোই চলছে অশ্লীলতা।

এখানে রাজশাহীসহ পাশের নাটোর, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ থেকে দর্শনার্থীরা গাড়ি ভাড়া করে মেলায় আসছেন।

আনন্দমেলার আয়োজক জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও নগরের ২৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাহাতাব চৌধুরী আগেই বলেছিলেন, শ্রমিকদের জন্য একটি হাসপাতাল, একটি মসজিদ, একটি মহিলা মাদ্রাসা করার জন্য তাঁরা এই মেলার আয়োজন করেছেন।