জুয়া খেলা নিয়ে সংঘর্ষে নিহত একজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার কালসারডারা বাজারে জুয়া খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত ও সাতজন আহত হয়েছে। গত রোববার রাতে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম রাজু মিয়া (৩০)। তিনি রংপুরের পীরগঞ্জ উপজেলার ওসমানপুর গ্রামের কুদ্দুস মিয়ার ছেলে।

সাদুল্যাপুর থানার পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, এক মাস ধরে সাদুল্যাপুর উপজেলার কালসারডারা বাজারে আনন্দ মেলার নামে যাত্রা, হাউজি ও জুয়া খেলা চলছে। গত রোববার রাত ১১টার দিকে পীরগঞ্জ উপজেলার ভবানিপুর এলাকার আবদুল খালেক ও বাদশা মিয়ার নেতৃত্বে কালসারডারা বাজারে জুয়ার আসর বসানো হয়। এ সময় আনন্দ মেলার আয়োজক রাজু মিয়া ও তাঁর চাচা জোয়াদ আলী জুয়াড়িদের ধাওয়া করেন। এ নিয়ে রাজু মিয়ার সঙ্গে ভবানিপুর এলাকার জুয়াড়িদের সংঘর্ষ শুরু হয়। এতে রাজু মিয়া, জোয়াদ আলীসহ উভয় পক্ষের আটজন আহত হন। রাজু মিয়া ও জোয়াদ আলীকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল ভোরে রাজু সেখানে মারা যান। এ ব্যাপারে রাজু ও খালেকের পক্ষের লোকজনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।