জুয়া খেলার অভিযোগে আ. লীগ নেতাসহ গ্রেপ্তার ৯
রংপুরের মিঠাপুকুর উপজেলা আওয়ামী লীগের নেতা দেলোয়ার হোসেনসহ নয় ব্যক্তিকে জুয়া খেলার অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল সোমবার রাত ১২টার দিকে উপজেলার রানীপুকুর ইউনিয়নের একটি এলাকায় বসা জুয়ার আসর থেকে ওই নয়জনকে গ্রেপ্তার করার দাবি করেছে পুলিশ।
পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া দেলোয়ার রানীপুকুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নির্বাচিত মেম্বার এবং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। বাকি আটজন রাজনীতির সঙ্গে যুক্ত নন।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করে আজ মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে।
পুলিশের ভাষ্য, উপজেলার বিভিন্ন এলাকায় জুয়া খেলার প্রবণতা বেড়ে যাওয়ায় তা বন্ধে অভিযান চলছে। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত ১২টার দিকে রানীপুকুর ইউনিয়নে অভিযান চালানো হয়। সেখানকার জুয়ার একটি আসর থেকে ওই নয়জনকে হাতেনাতে ধরা হয়।