জুয়াখেলায় বাধা দেওয়ায় বাড়িতে অগ্নিসংযোগ
নীলফামারী সদর উপজেলার আরাজি দলুয়া গ্রামে জুয়াখেলায় বাধা দেওয়ায় দুজনের বাড়িতে জুয়াড়িরা আগুন দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে তিনটি ঘর, একটি রিকশাভ্যানসহ আসবাবপত্র পুড়ে যায়।
আগুনে দুটি ছাগল, পাঁচটি হাঁস ও একটি মুরগি পুড়ে মারা গেছে। গত শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।
এলাকার কয়েকজন জানান, চওড়া বড়গাছা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আরাজি দলুয়া গ্রামের এন্তাজুল হক ও গ্রাম-পুলিশ জসিম উদ্দিনের নেতৃত্বে এলাকার কয়েকজন প্রায় এক মাস ধরে গ্রামে জুয়ার আসর বসিয়ে আসছেন। শুক্রবার সন্ধ্যায় জুয়ার আসর বসলে গ্রামবাসী একত্র হয়ে প্রতিবাদ করে। এতে জুয়াড়িদের সঙ্গে তাঁদের বচসা হয়। একপর্যায়ে জেলার বাইরে থেকে আসা জুয়াড়িরা পালিয়ে গেলে স্থানীয় জুয়াড়িরা প্রতিবাদকারীদের দেখে নেওয়ার হুমকি দেন। রাত দেড়টার দিকে জুয়াড়িরা গ্রামের হাসিবুলের বাড়িতে এবং ভোরে আবদুর রাজ্জাকের বাড়িতে আগুন দেন।
আবদুর রাজ্জাকের ভাই হাসিনুর রহমান বলেন, ‘জুয়াখেলায় বাধা দেওয়ার কারণে তাঁরা আমার ভাই ও প্রতিবেশীর বাড়িতে আগুন দিয়েছে। এ ঘটনায় আমি ভাইয়ের পক্ষে থানায় লিখিত অভিযোগ করেছি।’
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান পাশা বলেন, হাসিনুর রহমানের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনাস্থল পরিদর্শন করে মামলা নিয়েছি। ঘরে আগুন দেওয়ার মামলায় এন্তাজুল ও জসিমসহ পাঁচজনকে আসামি করা হয়েছে।
ইউপি সদস্য এন্তাজুল হক বলেন, ‘জুয়াখেলা হচ্ছে গ্রামের শেষ প্রান্তে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার সোনাহার গ্রামের সীমানায়। আমার সেখানে করার কী আছে? তাঁদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। তবে ওই জুয়ার আসর থেকে এক দিন ২০০ টাকা নিয়েছি।’
আরাজি দলুয়া গ্রামের আনিসুর রহমানের স্ত্রী নার্গিস বেগম বলেন, ‘আমাদের ও জসিম উদ্দিনের জমিতে খেলার আসর বসে। আমরা তাঁদের নিষেধ করলে তাঁরা হুমকি দেন। আমার স্বামী সহজ-সরল মানুষ। এ কারণে কিছু করতে পারি না।’
জসিম উদ্দিন বলেন, তিনি ওই জমির মালিক নন। জুয়ার প্রসঙ্গে তিনি কোনো কথা বলতে অস্বীকৃতি জানান।