জুয়াড়িদের হামলায় পুলিশ সদস্য আহত গ্রেপ্তার দুই
লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের নওদাবাস গ্রামে দীর্ঘদিন ধরে নিয়মিত বসা জুয়ার আসরে অভিযান চালাতে গিয়ে জুয়াড়িদের হামলায় পুলিশের এক সদস্য আহত হয়েছেন। গত সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দুই রাউন্ড গুলি ছোড়ে ও দুজনকে গ্রেপ্তার করে।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, দীর্ঘদিন ধরেই রাতের অন্ধকারে নওদাবাস গ্রামের হরিঠাকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়-সংলগ্ন এলাকায় নিয়মিত জুয়ার আসর বসছিল। গোপন সূত্রে খবর পেয়ে গত সোমবার দিবাগত রাত দেড়টার দিকে অভিযান চালানো হলে সংঘবদ্ধ জুয়াড়িরা পুলিশের ওপর হামলা চালায়। এতে সিপাহি রাজু মিয়া আহত হন। পরে পুলিশ দুই রাউন্ড গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ছাড়া ঘটনাস্থল থেকে লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী গ্রামের একাব্বর আলী (৫৫) এবং শিবরাম গ্রামের আনারুল ইসলাম (৫০) নামের দুজনকে গ্রেপ্তার করা হয়। আহত পুলিশ সদস্যকে লালমনিরহাট পুলিশ লাইনস হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
লালমনিরহাট সদর থানা সূত্রে জানা যায়, এ ঘটনায় এএসআই আমিনুল ইসলাম বাদী হয়ে মামলা করেছেন। একাব্বর ও আনারুলকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে গত মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।