জুয়ার টাকার জন্য স্ত্রীকে পিটিয়ে জখম স্বামী আটক
জুয়ার টাকা না পেয়ে নাসরিন আক্তার (২০) নামের এক গৃহবধূকে বেধড়ক পিটিয়ে আহত করেছেন তাঁর স্বামী। এ ঘটনায় প্রতিবেশী লোকজন স্বামী রহমত আলীকে আটক করে পুলিশে দিয়েছেন। গতকাল শুক্রবার রংপুরের তারাগঞ্জ উপজেলার শিকারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন নাসরিন অভিযোগ করেন, তাঁর স্বামী রহমত একজন জুয়াড়ি। জুয়া খেলে ২০ শতক জমি, ঘরের আসবাবপত্র পর্যন্ত বিক্রি করে দিয়েছেন। গত ছয় মাস ধরে তিনি বাবার বাড়ি থেকে টাকা এনে দিতে নাসরিনের ওপর চাপ সৃষ্টি করে আসছিলেন। শারীরিক নির্যাতনও করতেন। নাসরিন বলেন, ‘শুক্রবার আবারও জুয়া খেলার জন্য এক হাজার টাকা আইনা দিতে চাপ দেয়। রাজি না হওয়ায় সে আমাকে লাঠি দিয়া পেটায়। আমি অজ্ঞান হইলে প্রতিবেশীরা আমারে হাসপাতালে ভর্তি করে।’
স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জেসমিন আক্তার বলেন, নাসরিনের শরীরে আঘাতে চিহ্ন আছে।
রহমত বলেন, ‘মুইতো সব সময় জুয়া খেলাও না। কাইল (শুক্রবার) মাথা ঠিক আছিলো না।’