জুরাইনে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু
জুরাইনে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সাইদুর রহমান (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল সোমবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
হাসপাতালে সাইদুরের স্বজনেরা বলেন, মুরাদপুর হাইস্কুল রোডে তাঁর বাসা। গত রোববার সন্ধ্যায় বাসা থেকে তাঁর মুঠোফোনটি চুরি হয়। চুরির ঘটনায় সাইদুর তাঁর পরিচিত স্থানীয় দুজনকে সন্দেহ করেন। রোববার রাতেই সাইদুর তাদের কাছে ফোন চুরির বিষয়টি জানতে চান। এ নিয়ে দুই পক্ষে মুঠোফোনে ঝগড়া হয়। গতকাল দুপুরে সাইদুর বাসা থেকে বের হন। বেলা সাড়ে তিনটার দিকে সাইদুরকে ওই দুজনসহ কয়েকজন জুরাইন কমিশনার রোডে নিয়ে যায় এবং ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় বিকেলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। রাত সোয়া ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
সাইদুরের মা আয়শা হক বলেন, দু-তিন মাসের মধ্যেই কাজের জন্য সাইদুরের সৌদি আরব বা মালয়েশিয়া যাওয়ার কথা ছিল। তিনি বলেন, হামলাকারীরা সাইদুরের পরিচিত।
হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন, সাইদুরের শরীরে অনেকগুলো আঘাতের চিহ্ন ছিল। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে তাঁর মৃত্যু হয়। তাঁকে বাঁচাতে চার ব্যাগ রক্ত দেওয়া হয়েছিল। কদমতলী থানার ওসি কাজী ওয়াজেদ আলী ঘটনা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে একটি মামলার প্রস্তুতি চলছে।