জুরাইনে ছেলেশিশু যৌন নিপীড়নের শিকার
রাজধানীর জুরাইনে আট বছর বয়সী এক ছেলেশিশু যৌন নিপীড়নের শিকার হয়ছে। গুরুতর অবস্থায় গত শুক্রবার গভীর রাতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। শিশুটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে পড়ে।
শিশুটির বাবা প্রথম আলোর কাছে অভিযোগ করেন, ঘটনার পর বখাটে রাকিবের বাবা থানায় অভিযোগ না করতে তাঁকে হুমকি দিচ্ছেন।
হাসপাতালে শিশুটির বাবা গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, গত বৃহস্পতিবার তাঁর ছেলে পূর্ব জুরাইনের বালুর মাঠে খেলা দেখতে যায়। এ সময় বখাটে রাকিব হোসেন (১৭) তাকে মাঠের পাশে তাদের বাসায় নিয়ে যায়। রাকিব শিশুটির মুখ চেপে যৌন নির্যাতন করে। একপর্যায়ে শিশুটি চিৎকার দিলে রাকিব পালিয়ে যায়। রাকিবের মা গ্রামের বাড়িতে থাকেন। তার বাবা বাসচালক ঘটনার সময় বাইরে ছিলেন। পরে ছেলেটি বাসায় ফিরলেও প্রথমে এ বিষয়ে কিছু বলেনি। রাতে ব্যথা শুরু হলে শিশুটি কান্নাকাটি করে নির্যাতনের ঘটনা জানায়। পরদিন শুক্রবার শিশুটির বাবা স্থানীয় বাসিন্দাদের ঘটনাটি জানালে তাঁরা তাঁকে মামলা করার পরামর্শ দেন। তিনি ছেলেকে শুক্রবার রাত দুইটার দিকে ঢাকা মেডিকেলের ওসিসিতে ভর্তি করেন। পরে গতকাল কদমতলী থানায় রাকিবের বিরুদ্ধে মামলা করেন তিনি।
মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করে কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সালাম বলেন, এজাহারভুক্ত বখাটে রাকিবকে গ্রেপ্তারে চেষ্টা চলছে। হুমকি দেওয়ার অভিযোগের সত্যতা পাওয়া গেলে রাকিবের বাবাকেও গ্রেপ্তার করা হবে।