জুরাইনে ধারাল অস্ত্রের আঘাতে কিশোর আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর জুরাইনে বাড়ি থেকে ডেকে নিয়ে এক কিশোরকে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।

আহত কিশোরের নাম আকাশ (১৭)। সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তার ভাষ্য, তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন আছে। তাকে কোনো ধারাল অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে।

হাসপাতালে আকাশের আত্মীয় মো. আল আমিন বলেন, রাতে সাড়ে ১১টার দিকে আট থেকে ১০ জন ব্যক্তি আকাশকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। তাঁদের মধ্যে তিনজন নারী ছিলেন। পরে আকাশকে বাড়ি থেকে কিছুটা দূরে, জুরাইন পানির পাম্পের পাশে পাওয়া যায়। রাত একটার দিকে তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়।

আল আমিন বলেন, হামলাকারীরা তাদের পূর্বপরিচিত। কোনো শত্রুতার জের ধরে এ ঘটনা হয়েছে।

হাসপাতালের ক্যাম্প ইনচার্জ মোজাম্মেল হক আহত আকাশকে হাসপাতালে নিয়ে আসার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।