ট্রেন মাত্র ১০ গজ দূরে। সামনে দাঁড়ানো ক্রেতাকে দ্রুত সরে যেতে বললেন বিক্রেতা। সরতে না-সরতেই বিকট শব্দ তুলে চলে গেল ট্রেন। ঘটনাটি গতকাল মঙ্গলবার বেলা সাড়ে তিনটার দিকের। জুরাইন রেলগেটের অদূরে নিউ সুপার মার্কেটের কাছাকাছি এলাকায়। যিনি ক্রেতাকে সরে যেতে বললেন, তিনি দেলোয়ার হোসেন। জীবনের ঝুঁকি নিয়ে রেললাইনের ধার ঘেঁষে তিনি সবজির দোকান সাজিয়েছেন।
দেলোয়ার বলেন, তাঁর মতো অনেকেই এভাবে চিৎকার করে ক্রেতাদের দুর্ঘটনা থেকে রক্ষা করেন। রেলওয়ের লোকজনকে দেখা যায় শুধু বিশেষ বিশেষ সময়ে।
ঢাকা-নারায়ণগঞ্জ পথে রেলপথের দুই ধারে ঝুঁকি নিয়ে এভাবেই চলছে বিক্রিবাট্টা। বিশেষ করে কমলাপুর থেকে জুরাইন পর্যন্ত রেলপথের দুই ধারে স্থায়ীভাবে কাঁচাবাজার বসে গেছে। গত ১১ সেপ্টেম্বর কারওয়ান বাজারে মাছের আড়তের কাছে ট্রেনে কাটা পড়ে চারজন মারা যাওয়ার পরও এই পথের বেশির ভাগ এলাকায় উচ্ছেদ অভিযান চালানো হয়নি। অবৈধ দোকানিদের কাছ থেকে প্রতিদিন ১০০ টাকা পর্যন্ত চাঁদা নেওয়ার অভিযোগও পাওয়া গেছে।
গতকাল দুপুরে গোপীবাগ থেকে জুরাইন পর্যন্ত রেলপথ এলাকা ঘুরে জানা গেছে, শুধু জুরাইন এলাকাতেই রেললাইনের দুই ধারে অন্তত আধা কিলোমিটার অংশে ‘বাজার’ বসতে দেখা যায়। এলাকার বেশ কয়েকটি স্থায়ী বাজার, যেমন জুরাইন নিউ সুপার মার্কেট, তালপট্টি মার্কেট, মৎস্য মার্কেট, মুরগি হাট, ফার্নিচার মার্কেটের কাছে রেললাইন ঘেঁষে গড়ে উঠেছে অবৈধ দোকান। সেখানে আছে তরিতরকারি, সব ধরনের ফল, পান, প্লাস্টিক সামগ্রী, হাঁড়ি-পাতিল, খেলনাসহ বিভিন্ন সামগ্রীর দোকান। ‘ভাসমান’ বলা হলেও এখানে সকাল সাতটা থেকে রাত ১১টা পর্যন্ত বেচাকেনা চলে।
জুরাইন রেলগেট নিউ সুপার মার্কেটের সামনে রেললাইনের ধার ঘেঁষে বসেছেন সবজি ব্যবসায়ী আবদুর সবুর। তিনি বলেন, ঝুঁকি থাকলেও জীবিকার তাগিদে তাঁর মতো অনেককে এখানে বসতে হচ্ছে। কারণ, তাঁদের অন্য কোনো উপায় নেই। তবে এখানে বসার জন্য প্রতিদিন তিনি ৩৫ টাকা চাঁদা দেন। একইভাবে চাঁদা দিতে হয় ফল বিক্রেতা আবদুর রহমান, পান বিক্রেতা কফিল উদ্দিন, খেলনা বিক্রেতা দুলালের মতো সব বিক্রেতাকেই। চাঁদার হার নির্ধারিত হয়, কতটুকু জায়গাজুড়ে দোকান সাজানো হয়েছে তার ভিত্তিতে। জায়গার আয়তন অনুসারে চাঁদা সর্বনিম্ন ৩৫ থেকে ১০০ টাকা পর্যন্ত। কাকে চাঁদা দিতে হয়—জানতে চাইলে জবাব দেননি বিক্রেতারা। তবে নাম প্রকাশ না করার শর্তে অন্য কয়েকজন বিক্রেতা বলেন, যে মার্কেটের সামনে দোকানঘর, সেই মার্কেটের ব্যবসায়ী সমিতিকে টাকাটা দিতে হয়।
তবে জুরাইন নিউ সুপার মার্কেট ব্যবসায়ী সমবায় সমিতির চেয়ারম্যান মো. সোলায়মান চাঁদা নেওয়ার বিষয়টি সরাসরি অস্বীকার করেন।
মার্কেটের সামনে রেললাইনের ধারে বসা বিক্রেতাদের বাধা দেওয়া হয় না কেন—এমন প্রশ্নে মো. সোলায়মান বলেন, এটা তাঁদের দায়িত্ব নয়, দায়িত্ব সরকার ও রেল কর্তৃপক্ষের।
জুরাইন বাজার বহুমুখী সমবায় সমিতির সভাপতি আবদুর রহীমও অবৈধ দোকানিদের কাছ থেকে টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করে বলেন, তাদের বাধা দিলে ‘পাবলিক’ খেপে যান। কারণ, এদের কাছে তুলনামূলক সস্তায় জিনিসপত্র পাওয়া যায়। তিনি বলেন, এলাকার থানা বা রেলওয়ে পুলিশ অবৈধ দোকানিদের কখনো বাধা দেয় না।
জুরাইন প্রধান সড়কের দক্ষিণ প্রান্তে ফার্নিচার মার্কেটের সামনে রেললাইনের কাছে অনেকগুলো দোকান সাজানো। বেশির ভাগই অল্প দামি কাঠের সামগ্রীর। ছয় মাস আগে সেখানে ট্রেনে কাটা পড়ে মারা যায় অজ্ঞাতনামা এক ব্যক্তি।
গোপীবাগ বাজারের কাছে রেললাইনের ধার ঘেঁষে দোকানিরা পসরা সাজান বিশেষত বিকেল চারটার দিকে। এ ছাড়া গোলাপবাগ, সায়েদাবাদ এলাকায়ও রয়েছে রেললাইন ঘেঁষে অবৈধ দোকান।
রেলওয়ের ঢাকা বিভাগীয় এস্টেট কর্মকর্তা নূরুন্নবী কবির প্রথম আলোকে বলেন, প্রতিদিনই রেলের ধারের অবৈধ দোকান উচ্ছেদ অভিযান চলছে। গতকালও টঙ্গীতে হয়েছে। উত্তর দিকের অভিযান শেষ করে জুরাইনসহ নারায়ণগঞ্জ রুটের অবৈধ বাজার উচ্ছেদ করা হবে।