জুস তৈরিতে পচা আম, জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>ট্রলি তল্লাশি করতে গিয়ে উপজেলার চব্বিশনগরে সেজান জুস কারখানায় পচা আম িদয়ে জুস তৈরির বিষয়টি জানতে পারে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালান

জুস তৈরিতে পচা আম ব্যবহারের অপরাধে গতকাল বৃহস্পতিবার রাজশাহীর গোদাগাড়ীতে সেজান জুস কারখানাকে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া প্রায় ৪০০ মণ দুর্গন্ধযুক্ত পচা আম জব্দ করে পরে ধ্বংস করা হয়।

রাজশাহীর গোদাগাড়ীতে সেজান জুস কোম্পানির হাসেম এগ্রো প্রসেসিং ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ পচা আম পাওয়া যায়। গতকাল এ অভিযান চালানো হয় l ছবি: প্রথম আলো
রাজশাহীর গোদাগাড়ীতে সেজান জুস কোম্পানির হাসেম এগ্রো প্রসেসিং ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ পচা আম পাওয়া যায়। গতকাল এ অভিযান চালানো হয় l ছবি: প্রথম আলো

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, গতকাল সকাল আটটার দিকে গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল উপজেলার সারেংপুর এলাকায় ট্রলিতে তল্লাশি করছিল। এ সময় তারা একটি গাড়িতে পচা আমের গন্ধ পায়। ডিবির কর্মকর্তারা তখন জানতে পারেন গাড়িটি উপজেলার চব্বিশনগরে সেজান জুস কারখানায় যাচ্ছে। তাৎক্ষণিকভাবে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মনির হোসেনকে এ খবর দেওয়া হয়। পরে সহকারী কমিশনার পুলিশ নিয়ে সারেংপুর এলাকায় ঘটনাস্থলে যান। তাঁর নির্দেশে আমবোঝাই চারটি ট্রলি উপজেলা চত্বরে আনা হয়। সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালিদ হোসেন ও গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আবু ফরহাদ এসব পচা আম খতিয়ে দেখেন। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ২০০ মণ পচা আম ধ্বংসের নির্দেশ দেওয়া হয়। আমগুলো উপজেলার সাহাব্দীপুর এলাকায় ফাঁকা জায়গায় নিয়ে ধ্বংস করা হয়।
গোদাগাড়ী থানার ওসি এস এম আবু ফরহাদ প্রথম আলোকে বলেন, পচা ও দুর্গন্ধযুক্ত এসব আম চাঁপাইনবাবগঞ্জ থেকে আনা হচ্ছিল। প্রতি মণ পচা আম মাত্র ৬০০ টাকায় কেনা হয়। এই পচা আম দিয়ে কারখানায় জুস তৈরি করা হতো। তিনি বলেন, উপজেলার সারেংপুরে জব্দ করা আম ধ্বংসের পর সেজান জুস কারখানায় অভিযান চালানো হয়। কারখানার ভেতরে গিয়ে পচা ও পোকায় ধরা আম ব্যবহার করে জুস তৈরি করতে দেখা যায়। সেখানে দুর্গন্ধে টেকা যাচ্ছিল না। কারখানার ভেতর থেকে আরও প্রায় ২০০ মণ পচা আম জব্দ করা হয়। পরে নির্বাহী হাকিমের নির্দেশে এসব আম সেখানেই ধ্বংস করা হয়। এ ছাড়া আদালত কারখানাটিকে দুই লাখ টাকা জরিমানা করেন। কারখানার ব্যবস্থাপক সঙ্গে সঙ্গে জরিমানার টাকা পরিশোধ করেন। ওসি আরও বলেন, নির্বাহী হাকিম ওই কারখানার কর্তৃপক্ষকে নির্দেশ দেন, তাঁদের কর্মচারীরা খালি হাতে কাজ করছেন। তাঁদের গ্লাভসের ব্যবস্থা করতে হবে। কারখানায় মানসম্মত পরিবেশ সৃষ্টি করতে হবে। এক সপ্তাহের মধ্যে তাঁরা কারখানাটি আবার পরিদর্শন করবেন।
কারখানার ব্যবস্থাপক আবদুল করিম বলেন, সারেংপুর এলাকায় জব্দ করা আম তাঁদের কারখানায় আনা হচ্ছিল। পরে তিনি ওই আম দেখে সিদ্ধান্ত নিতেন সেগুলো কিনবেন কি না। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কারখানার ভেতরে জব্দ করা আমও সরবরাহকারীরা এনেছিলেন, তখনো সেগুলো তাঁদের পক্ষ থেকে পরীক্ষা করে দেখা হয়নি।
আদালতের দায়িত্বে থাকা নির্বাহী হাকিম মোহাম্মদ মনির হোসেন বলেন, ‘যে কর্মচারীরা জুস তৈরি করছিলেন, তাঁদের জিজ্ঞেস করা হয়, নিজের বাচ্চাকে তাঁরা এই আমের জুস খাওয়ান কি না। তখন তাঁরা বলেন, তাঁরা নিজের বাচ্চাকে এই জুস খাওয়ান না। কারখানার ব্যবস্থাপক আবদুল করিমকে জিজ্ঞেস করা হয়, চোখ বন্ধ করে যেকোনো একটি আম হাতে তুলে খেতে দিলে তিনি খাবেন কি না। ব্যবস্থাপক জানান, তিনি খেতে পারবেন না। নিজের বাচ্চাকে তাঁরা এই জুস খাওয়ান না। তাহলে এই আম দিয়ে কেন জুস তৈরি করেন, এমন প্রশ্নের কোনো সদুত্তর তাঁরা দিতে পারেননি। শুধু প্রতি মণ ৬০০ টাকা দরে পাওয়া যাচ্ছিল বলেই তাঁরা এমন আম দিয়ে জুস তৈরি করছেন।’