জুড়ীতে অবৈধভাবে মাছ ধরায় জাল জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের মিঠুপুর এলাকায় গোগালিছড়া নদীতে অবৈধভাবে বেড়া দিয়ে মাছ নিধনের অভিযোগে মৎস্য বিভাগের লোকজন গতকাল রোববার বিকেলে অভিযান চালিয়ে প্রায় ২০০ মিটার দীর্ঘ একটি বেল জাল জব্দ করেছেন।

মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, পার্শ্ববর্তী সাদিপুর গ্রামের বাসিন্দা রফাত মিয়া নদীর মিঠুপুর এলাকায় অবৈধভাবে জালের বেড়া দিয়ে ১০-১৫ দিন ধরে মাছ ধরছিলেন। খবর পেয়ে মৎস্য বিভাগের একটি দল বিকেল চারটার দিকে সেখানে অভিযান চালায়। এ সময় টের পেয়ে মাছ ধরার কাজে নিয়োজিত লোকজন সটকে পড়েন। পরে জালটি নদী থেকে তুলে এনে জব্দ করা হয়। বিকেল ছয়টার দিকে উপজেলা পরিষদ চত্বরে জালটি আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

রফাত মিয়া মুঠোফোনে দাবি করেন, তিনি মিঠুপুর মসজিদ কমিটির লোকজনের কাছ থেকে বার্ষিক ১ লাখ ২০ হাজার টাকায় নদীর ওই স্থানটি ইজারা নেন।

তবে এ ব্যাপারে বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে মসজিদ কমিটির সভাপতি ছাবির আলীর মুঠোফোন বন্ধ পাওয়া গেছে।