জুড়ীতে আইন লঙ্ঘন করে টিলা কর্তন
মৌলভীবাজারের জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নে রাস্তার বাঁক সোজা করার অজুহাত দেখিয়ে টিলা কেটে পাশের নিচু জমি ভরাট করা হচ্ছে। পরিবেশ আইন লঙ্ঘন করে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শ্রমিক দিয়ে এ কাজ করাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, গোয়ালবাড়ী ইউনিয়নের রত্না চা-বাগান থেকে সমাইবাজার পর্যন্ত স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) একটি সড়ক আছে। এটির দৈর্ঘ্য প্রায় পাঁচ কিলোমিটার। সড়কটির প্রায় এক কিলোমিটার জায়গা পাকা। বাকি জায়গা কাঁচা। সম্প্রতি গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সড়কের জালালপুর গ্রাম এলাকায় শ্রমিকদের দিয়ে টিলা কাটার কাজ শুরু করান। এঁরা গোয়ালবাড়ী ইউনিয়নে বাস্তবায়নাধীন অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির বিভিন্ন প্রকল্পের শ্রমিক। তাঁরা ছয়-সাত দিন ধরে টিলা কাটার কাজ করছেন।
সরেজমিনে গত সোমবার বেলা দুইটার দিকে দেখা গেছে, গোয়ালবাড়ী ইউনিয়নের রত্না চা-বাগান-সমাইবাজার সড়কের জালালপুর গ্রামে সড়কের এক পাশে ২৫ জন শ্রমিক কোদাল দিয়ে ২৫-৩০ ফুট উঁচু একটি টিলার মাটি কাটছেন। কিছু শ্রমিক সড়কের বিপরীত পাশে নিচু জমিতে নিয়ে মাটি ফেলছেন। ইতিমধ্যেই টিলার বেশ কিছু অংশ কেটে ফেলা হয়েছে। এর কাছেই জালালপুর দাখিল মাদ্রাসা ও জালালপুর কমিউনিটি ক্লিনিক। এ পর্যন্ত টিলার ১৪–১৫ ফুট জায়গা কেটে ফেলা হয়েছে।
টিলা কাটার কাজ তদারকিতে ব্যস্ত থাকা জালালপুরের আবদুস সাত্তার বলেন, টিলা ও নিচু জমির মালিক তাঁর ভাই শাহীন মিয়া। সড়কের এ জায়গায় টিলার বাঁক থাকায় আগে বিভিন্ন যানবাহন প্রায়ই দুর্ঘটনায় পড়ত। বাঁক সোজা করতে এলাকাবাসীর পক্ষ থেকে স্থানীয় গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের কাছে মৌখিক অনুরোধ জানানো হয়। এর পরিপ্রেক্ষিতে ইউপি চেয়ারম্যান টিলাটি কাটানোর উদ্যোগ নেন। কেটে ফেলা মাটি নিচু জমিতে ফেলা হচ্ছে।
বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনের ধারা-৬-এর খ উপধারায় উল্লেখ করা হয়েছে, পাহাড় বা টিলা ব্যক্তিমালিকানাধীন বা দখলাধীন হলেও কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান তা কাটতে পারবে না।
নাম প্রকাশ না করার শর্তে গ্রামের একজন প্রবীণ ব্যক্তি বলেন, ‘বাঁক তো কোনো সমস্যা ছিল না। বাঁক সোজা করাটা অইলো টিলা কাটা ও জমি ভরাটের একটা ফন্দি। বাঁক সোজা করতে অইলে রাস্তা আরও চওড়া করলেই অইতো। আগে টিলাটা ঝুঁকিপূর্ণ ছিল না। মাটি কাটায় এইটা ঝুঁকিপূর্ণ অই গেল। এখন বর্ষার সময় বৃষ্টিতে টিলাটা ধসিয়া মাদ্রাসার মানুষজনের ক্ষতি অইতে পারে।’
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একজন স্কুলশিক্ষক বলেন, ‘বাঁকের কারণে এ রাস্তায় কোনো দুর্ঘটনা ঘটেছে বলে আমার জানা নেই।’
গতকাল মঙ্গলবারও টিলা কাটার কাজ চলছিল বলে স্থানীয় লোকজন জানিয়েছেন।
গোয়ালবাড়ী ইউপির স্থানীয় ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুস ছাত্তার জানান, জালালপুরে ইজিপিপির কোনো কাজ সম্পর্কে তাঁর কিছু জানা নেই। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যানের সঙ্গে তিনি কথা বলার পরামর্শ দেন।
গোয়ালবাড়ী ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন আহমদ মুঠোফোনে বলেন, ‘এলাকাবাসীর অনুরোধে রাস্তার বাঁকটা সোজা করতে কর্মসংস্থান কর্মসূচির শ্রমিকদের দিয়ে টিলাটি কাটাচ্ছি।’
টিলা কাটার কাজে সরকারি প্রকল্পের শ্রমিকদের ব্যবহার প্রসঙ্গে জানতে চাইলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. শিমুল আলী জানান, বিষয়টি তিনি খোঁজ নিয়ে দেখবেন।
এলজিইডির উপজেলা কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী রণজিৎ কুমার পাল জানান, বিষয়টি তাঁরা খোঁজ নিয়ে দেখছেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাছির উল্লাহ খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দেন।