জুড়ীতে কাজ না করেই কাবিখার চাল আত্মসাতের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় কাজ না করেই কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) কর্মসূচির দুটি প্রকল্পের জন্য বরাদ্দ দেওয়া চাল প্রকল্প কমিটির লোকজন আত্মসাৎ করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ব্যাপারে এলাকাবাসীর পক্ষ থেকে সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
লিখিত অভিযোগ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২০১৫-১৬ অর্থবছরে কাবিখা কর্মসূচির আওতায় সাগরনাল ইউনিয়নে দুটি প্রকল্পে ১৫ মেট্রিক টন চাল বরাদ্দ হয়। এর মধ্যে একটি প্রকল্পের মাধ্যমে আবদুর রুপ মিয়ার বাড়ি থেকে চৌধুরী বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় হয়ে জুড়ী নদীর পাড় পর্যন্ত রাস্তায় ইট বিছানো ও মাটি ভরাট এবং অন্যটির মাধ্যমে উত্তর বড়ডহর জামে মসজিদ, উত্তর বড়ডহরের এলাইছ মিয়া, খোকন মিয়া, হোসেনাবাদের রমিজ মিয়া, জাঙ্গালিয়ার আবদুল লতিফ ও উত্তর সাগরনালের জমির আলীর বাড়িতে সৌরবিদ্যুৎ স্থাপন করার কথা।
জানা গেছে, সাগরনাল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এমদাদুল ইসলাম চৌধুরী প্রকল্পের সভাপতি ও ইউপির ৪ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য আবদুস সহিদ সাধারণ সম্পাদক ছিলেন। ৭ আগস্ট ইউএনওর কাছে দেওয়া সাগরনালের বিভিন্ন এলাকার ১৫ ব্যক্তির স্বাক্ষরিত অভিযোগে বলা হয়, রাস্তায় কোনো সংস্কারকাজ হয়নি। এ ছাড়া অনেকে সৌরবিদ্যুৎও পাননি। প্রকল্পের জন্য বরাদ্দের চাল ব্যবহার না করে কমিটির লোকজন তা আত্মসাৎ করেছেন।
প্রকল্প কমিটির সাধারণ সম্পাদক আবদুস সহিদ বলেন, ‘প্রকল্পের সেক্রেটারি হলেও কাজের ব্যাপারে আমি কিছু জানি না। ইউপি চেয়ারম্যান একাই সবকিছু করেছেন। কী কাজ করেছেন বা করেননি, তা তিনিই ভালো বলতে পারবেন।’
গতকাল বিকেলে মুঠোফোনে যোগাযোগ করলে প্রকল্পের চাল আত্মসাতের অভিযোগ অস্বীকার করে ইউপি চেয়ারম্যান এমদাদুল ইসলাম দাবি করেন, প্রকল্পের বরাদ্দ দিয়ে তাঁর বাড়ির সামনে থেকে আবদুর রুপ মিয়ার বাড়ি পর্যন্ত রাস্তার ৩০-৩৫ ফুট জায়গায় ইট বিছানো রয়েছে। অর্থাভাবে চৌধুরী বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় হয়ে জুড়ী নদীর পাড় পর্যন্ত রাস্তায় কাজ করানো সম্ভব হয়নি।
ইউপি চেয়ারম্যান বলেন, ‘আবদুল্লাহ্ (প্রকল্পের সাধারণ সম্পাদক) মেম্বার আবদুল লতিফ ও খোকন মিয়ার বাড়িতে সৌরবিদ্যুৎ স্থাপনের জন্য আমার কাছ থেকে টাকা নিয়েছেন। বাকি প্রতিষ্ঠান ও ব্যক্তিরাও সৌরবিদ্যুৎ পেয়েছেন।’
তবে এ বিষয়ে পিআইও শিমুল আলী মুঠোফোনে বলেন, ইউএনওর নির্দেশে ১৪ আগস্ট সরেজমিনে তিনি বিষয়টির তদন্ত করেন। এ সময় ইউপি চেয়ারম্যান রাস্তার ইট বিছানো কিছু অংশ দেখিয়ে সেখানে কাজ করা হয়েছে বলে দাবি করেন। তবে এলাকাবাসী ওই কাজটি অন্য কোনো প্রকল্পের মাধ্যমে হয়েছে বলে দাবি করেন। এ ছাড়া দু-তিনজনের বাড়িতে সৌরবিদ্যুৎ স্থাপন করা হয়নি বলে অভিযোগ পাওয়া যায়। এ ব্যাপারে আরও তদন্ত করে ইউএনওর কাছে প্রতিবেদন পাঠানো হবে।