জুড়ীতে গৃহবধূর ও বকশীগঞ্জে কৃষকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় গতকাল মঙ্গলবার এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নয়াপাড়া গ্রাম থেকে গতকাল এক কৃষকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তিরা হলেন জুড়ী উপজেলার জালালপুর গ্রামের জায়েদ আহমদের স্ত্রী মনি বেগম (১৯) ও জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নয়াপাড়া গ্রামের রহিম উদ্দিন (৬০)।

জুড়ী থানার পুলিশ সূত্রে জানা গেছে, গত সেপ্টেম্বর মাসে উপজেলার জায়ফরনগর ইউনিয়নের মূলিউরা গ্রামের মৃত মতিন মিয়ার মেয়ে মনির সঙ্গে জালালপুর গ্রামের জায়েদের বিয়ে হয়। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে মনি বসতঘরে হঠাৎ করে মাটিতে লুটিয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। খবর পেয়ে গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। জুড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান রাত পৌনে আটটার দিকে ঘটনাস্থল থেকে মুঠোফোনে বলেন, ঘটনাস্থল থেকে মনি বেগমের লাশ উদ্ধার করা হয়েছে। তদন্তের পর এ ব্যাপারে মন্তব্য করা যাবে।

বকশীগঞ্জ থানার পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত সোমবার সন্ধ্যার দিকে নয়াপাড়া গ্রামের কৃষক রহিম উদ্দিন স্থানীয় একটি বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়ি ফিরে আসেননি। গতকাল সকালে নয়াপাড়া নাড্ডার হাট এলাকার ধানখেতের পাশে থাকা একটি ঘরে স্থানীয় লোকজন তাঁর গলাকাটা লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়। বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বলেন, এ ঘটনায় নিহত ব্যক্তির ছেলে মোহাম্মদ মওলা বাদী হয়ে হত্যা মামলা করেছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে।