জুড়ীতে টিলা কাটার অভিযোগের সত্যতা মিলেছে
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় পরিবেশ আইন লঙ্ঘন করে টিলা কাটার অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এই ঘটনায় ঘটিত উপজেলা প্রশাসনের তদন্ত কমিটি ওই অভিযোগের সত্যতা পেয়েছে।
এদিকে টিলা কাটার বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর কারণে এই ঘটনায় জড়িত ব্যক্তি এক প্রতিবেশী ও তাঁর পরিবারকে হত্যার হুমকি দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে ওই ব্যক্তি গতকাল মঙ্গলবার বিকেলে জুড়ী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
উপজেলা প্রশাসন ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের উত্তর ভবানীপুর (মোকামটিলা) গ্রামে একটি টিলার সাড়ে ৫ শতাংশ জমির মালিকানা নিয়ে স্থানীয় বাসিন্দা শাহ আলম ও অলিল মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। গত ১৯ অক্টোবর শাহ আলম কয়েকজন শ্রমিক দিয়ে বিরোধপূর্ণ টিলার কিছু জায়গা কাটান। এ নিয়ে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে কিছুদিন টিলা কাটার কাজ বন্ধ থাকে। ১৫ নভেম্বর শাহ আলম আবারও টিলা কাটা শুরু করেন। এ ব্যাপারে ওই দিনই অলিলের ছোট ভাই নীলু মিয়া ইউএনওর কাছে লিখিত অভিযোগ দেন। এর পরিপ্রেক্ষিতে ইউএনও বিষয়টি তদন্তের জন্য বন বিভাগের জুড়ী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা আবুল কাশেম ভূঁঞাকে আহ্বায়ক করে তিন সদস্যের কমিটি গঠন করেন।
জুড়ী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা আবুল কাশেম ভূঁঞা বলেন, তদন্তে শাহ আলমের বিরুদ্ধে টিলা কাটার অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এ ব্যাপারে ইউএনওর কাছে তাঁরা প্রতিবেদন পাঠাবেন।
পুলিশ সূত্রে আরও জানা গেছে, টিলা কাটার অভিযোগ দেওয়ায় গতকাল শাহ আলম নীলু মিয়ার বাড়ির সামনে গিয়ে নীলুসহ তাঁর পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিয়ে চলে আসেন। এ অবস্থায় বিকেল চারটার দিকে নীলু থানায় জিডি করেন।