জুড়ীতে নবজাতক খুন, কালভার্টের নিচে লাশ
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় এক নবজাতককে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার জুড়ী-ফুলতলা সড়কের উত্তর বড়ডহর এলাকার একটি কালভার্টের নিচ থেকে ওই নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ব্যাপারে জুড়ী থানায় হত্যা মামলা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল চারটার দিকে কালভার্টের নিচে পলিথিন দিয়ে মোড়ানো কিছু পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। পরে পলিথিন খুলে ভেতরে নবজাতক ছেলের লাশ দেখা যায়। খবর পেয়ে ওই দিন সন্ধ্যা ছয়টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। এ ঘটনায় ওই দিন রাতেই অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা হয়।
জুড়ী থানার পরিদর্শক (তদন্ত) শামছুল আলম গতকাল বুধবার বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরির সময় নবজাতকের জিহ্বা কাটা ও দাঁতের মাড়ি থেঁতলানো দেখা গেছে। জন্মের পর দুর্বৃত্তরা তাকে নির্মমভাবে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য নবজাতকের লাশ মৌলভীবাজারের ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।