জুড়ীতে বাল্যবিবাহ থেকে রক্ষা দুই স্কুলছাত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় আজ শুক্রবার প্রশাসন ও পুলিশের হস্তক্ষেপে দুই স্কুলছাত্রী বাল্যবিবাহ থেকে রক্ষা পেয়েছে। বাল্যবিবাহ দুটি বন্ধে অভিভাবকেরা লিখিত মুচলেকা দিয়েছেন।
প্রশাসন, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একটি মেয়ের (১৫) বাড়ি উপজেলার সদর জায়ফরনগর এবং অপরটির (১৩) বাড়ি পশ্চিম জুড়ী ইউনিয়নে। একজন স্থানীয় একটি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে নবম এবং অন্যজন সপ্তম শ্রেণিতে পড়ে। নবম শ্রেণির ছাত্রীর পরিবারটি অসচ্ছল। এ অবস্থায় মামারা বেড়িয়ে যাওয়ার কথা বলে তাঁদের বাড়িতে নিয়ে আসেন। তাঁরা দুবাইপ্রবাসী এক যুবকের সঙ্গে বিয়ে ঠিকঠাক করে ফেলেন। অন্যদিকে সপ্তম শ্রেণির ছাত্রীর বাবা নেই। তাদের পরিবারটিও দরিদ্র। আজ রাতে গোপনে ওই দুটি বাল্যবিবাহ সম্পন্ন হওয়ার কথা ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানায়, খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অসীম চন্দ্র বণিক ও জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বিকেলের দিকে একদল পুলিশ নিয়ে দুই ছাত্রীর বাড়িতে যান। প্রথমে অস্বীকার করলেও একপর্যায়ে অভিভাবকেরা তাঁদের কাছে বিয়ের বিষয়টি নিশ্চিত করেন। পরে বাল্যবিবাহ বন্ধে দুই পরিবারের অভিভাবকেরা লিখিত মুচলেকা দেন।
বিয়ে বন্ধ হওয়ায় নবম শ্রেণির ছাত্রী বলে, ‘মামারা আনি বিয়া দিতে চাইছিলেন। সামনে স্কুলে বার্ষিক পরীক্ষা। আমি মানা করছিলাম। তাঁরারে (মামা) বুঝাইতাম পারছি না। আমি খুশি। অখন পরীক্ষা দিতাম পারমু।’
সপ্তম শ্রেণির ছাত্রীর বড় ভাই (২০) রাজমিস্ত্রির কাজ করেন। বোনের বাল্যবিবাহের আয়োজন সম্পর্কে তিনি বলেন, ‘অভাবের সংসার। মা হার্টের রোগী। ছোট তিন বোন। পরিবার (বরের পরিবার) সচ্ছল দেখি বোনটারে বিয়া দিলাইতাম চাইছিলাম। আর এই ভুল করতাম নায়। কষ্ট করি বোনরে পড়াইমু।’
ইউএনও অসীম চন্দ্র বণিক বলেন, ১৮ বছরের আগ পর্যন্ত দুই ছাত্রীকে বিয়ে দেওয়া হবে না বলে অভিভাবকেরা লিখিত মুচলেকা দিয়েছেন। এরপরও গোপনে তাদের বিয়ে দিলে কনে ও বরদের অভিভাবকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।