জুড়ীতে সরকারি জমিতে অবৈধ স্থাপনা
মৌলভীবাজারের জুড়ী উপজেলার সদর জায়ফরনগর ইউনিয়নের জাঙ্গিরাই গ্রামে এক ব্যক্তি সরকারি খাসজমি দখল করে সীমানাপ্রাচীর ও কালভার্ট নির্মাণ করেছেন। অবৈধ ওই স্থাপনা অপসারণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাঁকে নোটিশও দিয়েছেন। এর পরও ওই স্থাপনা অপসারণ করা হয়নি।
এলাকাবাসী ও উপজেলা ভূমি কার্যালয় সূত্রে জানা গেছে, জাঙ্গিরাই মৌজার ৪৮০৭ নম্বর দাগে প্রায় দুই একর খাসজমি রয়েছে। ওই জমির এক পাশে একটি খাল রয়েছে। জুড়ী নদী থেকে শুরু হওয়া ওই খালটি জাঙ্গিরাই গ্রাম হয়ে হাকালুকি হাওরে মিলেছে। বর্ষায় ওই খাল দিয়ে আশপাশের এলাকার পানি নিষ্কাশিত হয়। শুষ্ক মৌসুমে স্থানীয় লোকজন খালের পানি সেচে বোরো ধান ও রবিশস্যের আবাদ করেন।
বেশ কয়েক দিন আগে আবুল হোসেন নামের এক ব্যক্তি জাঙ্গিরাই গ্রামের মুজিবুর রহমান নামের এক ব্যক্তির কাছ থেকে ওই খাসজমিসংলগ্ন এলাকায় নয় শতক জমি কেনেন। মাস খানেক আগে আবুল হোসেন সেখানে বাড়ি নির্মাণের কাজ শুরু করেন। শ্রমিকেরা তখন ওই নয় শতক জমিসহ খাসজমির সাড়ে তিন শতক জায়গা ঘিরে পাকা সীমানাপ্রাচীর এবং খালের দুই পাশের মাটি ভরাট করে কালভার্ট নির্মাণ করেন। এলাকাবাসী এতে আপত্তি জানালেও আবুল হোসেনের নিয়োজিত শ্রমিকেরা তা শোনেননি। এরপর ৩ আগস্ট এলাকাবাসী ইউএনওর কাছে এ ব্যাপারে লিখিত অভিযোগ দেন। ৪ আগস্ট উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ের জরিপকারক (সার্ভেয়ার) মো. চান্দ বেগ ও জায়ফরনগর ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা মো. রকিব আহমদ সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে ইউএনওর বরাবরে একটি প্রতিবেদন দেন। ৭ আগস্ট ইউএনও পাঁচ দিনের মধ্যে ওই অবৈধ স্থাপনা অপসারণ করতে আবুল হোসেনকে নোটিশ দেন। ১২ আগস্ট সময়সীমা শেষ হলেও স্থাপনা অপসারণ করা হয়নি।
গত শনিবার দুপুরে সরেজমিনে দেখা গেছে, খালের পাড় ঘেঁষে সীমানাপ্রাচীর ও মাটি ভরাট করে কালভার্ট নির্মাণ করার কারণে পানি নিষ্কাশনের পথ সরু হয়ে গেছে।
এ ব্যাপারে বক্তব্য জানার জন্য আবুল হোসেনের বাড়িতে গিয়ে তাঁকে বা তাঁর পরিবারের কোনো সদস্যকে পাওয়া যায়নি। জমি বিক্রেতা মুজিবুর রহমান জানান, আবুল হোসেন দুবাইয়ে থাকেন। নাম প্রকাশ না করার শর্তে আবুল হোসেনের এক আত্মীয় জানান, ইউএনওর পাঠানো নোটিশ তাঁরা পেয়েছেন। স্থাপনা অপসারণের চিন্তা করছেন তাঁরা।
ইউএনও মো. শহিদুল ইসলাম শনিবার বিকেলে মুঠোফোনে বলেন, খোঁজ নিয়ে এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।