জুয়া খেলা নিয়ে বিরোধে যুবককে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর ডিমলা উপজেলায় জুয়া খেলা নিয়ে বিরোধে মমিনুর রহমান (২২) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। গত শুক্রবার রাতে উপজেলার বালাপাড়া ইউনিয়নের ছাতনাই বালাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মমিনুর ছাতনাই বালাপাড়া গ্রামের ফজলুল হকের ছেলে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রাতেই এক যুবককে আটক করেছে পুলিশ।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্র জানায়, শুক্রবার সকাল থেকে গ্রামের একটি বাঁশঝাড়ে মমিনুর, একই গ্রামের মজনু রহমানের ছেলে সাদ্দাম হোসেন (২০), মশিউর রহমানের ছেলে শাহীন হোসেন (২২), কাওছা মাহমুদের ছেলে আবুল হোসেন (২০) ও রশিদুলের ছেলে বকুল (২২) জুয়া খেলছিল। জুয়ায় মমিনুর ৩০০ টাকা জিতে নেয়। এ নিয়ে হেরে যাওয়া জুয়াড়িদের সঙ্গে মমিনুরের বিরোধ সৃষ্টি হয়। এর জের ধরে রাত আটটার দিকে কুড়াল দিয়ে মমিনুরকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। হাসপাতালে নেওয়ার পথে মমিনুর মারা যায়।
বালাপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাহিদুল ইসলাম জানান, তারা সবাই দিন আনে দিন খায়। জুয়া খেলে মমিনুর নাকি ৩০০ টাকা জিতে নেয়। এ নিয়ে দ্বন্দ্বে ওই হত্যাকাণ্ড ঘটেছে।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী জানান, রাতেই মমিনুরের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় গতকাল শনিবার ফজলুল হক বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন। এ ছাড়া জিজ্ঞাসাবাদের জন্য বকুল (২২) নামের এক যুবককে আটক করা হয়েছে।
জুয়া খেলাকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত কি না—জানতে চাইলে ওসি শওকত আলী বলেন, সে রকম শোনা যাচ্ছে। কিন্তু তা নিশ্চিত হওয়া যায়নি।