জুয়া খেলা নিয়ে সংঘর্ষ, নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জুয়া খেলা নিয়ে গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার রাঘবেন্দ্রপুর ও তিলকপাড়া গ্রামের লোকজনের মধ্যে গতকাল রোববার সংঘর্ষ হয়েছে। এতে একজন নিহত ও ২০ জন আহত হন। এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে।
নিহত ব্যক্তির নাম আবু তালেব (৪৫)। তিনি উপজেলার ইদিলপুর ইউনিয়নের চকনদী গ্রামের মাহমুদ কবিরাজের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ইদিলপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড সদস্য ও রাঘবেন্দ্রপুর গ্রামের বাসিন্দা নূর মোহাম্মদ এবং তিলকপাড়া গ্রামের কয়েকজন যুবক রাঘবেন্দ্রপুর গ্রামে তিন দিনব্যাপী বৈশাখী মেলার আয়োজন করেন। গত শুক্রবার মেলা শুরু হয়। প্রথম দিনই জুয়া খেলতে গিয়ে রাঘবেন্দ্রপুর গ্রামের কয়েকজন কিশোরের টাকা খোয়া যায়। এতে ক্ষুব্ধ হয়ে ওই দিন রাঘবেন্দ্রপুর গ্রামের লোকজন মেলার আয়োজক তিলকপাড়া গ্রামের লোকজনকে মারধর করেন। এ ঘটনার জের ধরে গত শনিবার সকালে রাঘবেন্দ্রপুর গ্রামের আল আমিনকে মারধর করে তিলকপাড়া গ্রামের লোকজন। এর জের ধরে গতকাল সকালে ইউপি সদস্য নূর মোহাম্মদের নেতৃত্বে অর্ধশতাধিক লোক তিলকপাড়া গ্রামের মেলা আয়োজকদের ওপর হামলা চালায়। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের লাঠির আঘাতে ঘটনাস্থলে আবু তালেব মারা যান। গতকাল সন্ধ্যায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় মামলা হয়নি। তবে পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে রাঘবেন্দ্রপুর গ্রামের ফুল মিয়া, সাহেব আলী ও হায়দার আলীকে আটক করে।
সাদুল্যাপুর থানার ওসি জিয়া লতিফুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।