জুয়া খেলা নিয়ে সংঘর্ষ, পুলিশের প্রতি ককটেল নিক্ষেপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে জুয়া খেলাকে কেন্দ্র করে গতকাল রোববার দুই মহল্লার লোকজনের মধ্যে সংঘর্ষ হয়েছে। বাধা দিতে এলে পুলিশকে লক্ষ্য করে ককটেল হামলা করা হয়। সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হন।
পুলিশ ওই এলাকায় গতকাল বিকেল পর্যন্ত পাহারা বসিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। আহত ব্যক্তিদের মধ্যে বাজে কাজলা এলাকার সাদ্দাম হোসেন (১৮) নামের এক তরুণকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় লোকজন জানান, নগরের তালাইমারী শহীদ মিনার এলাকায় গত শনিবার ২৪ নম্বর ওয়ার্ডের (বাজে কাজলা নদীর ধার) একদল তরুণ জুয়া খেলার আয়োজন করেন। খেলা চলাকালে পাশের ২৫ নম্বর ওয়ার্ডের (তালাইমারী) কয়েকজন বয়োজ্যেষ্ঠ লোক এসে জুয়া খেলতে নিষেধ করেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তরিকুল আলম দূর থেকে বিষয়টি দেখে পুলিশকে খবর দেন। পুলিশের উপস্থিতিতে বিষয়টি মীমাংসা হয়ে যায়।
গতকাল দুপুরে ২৮ নম্বর ওয়ার্ডের এক ব্যক্তি নগরের হাদির মোড় এলাকায় যাচ্ছিলেন। এ সময় ২৪ নম্বর ওয়ার্ডের তরুণেরা তাঁকে মারধর করেন। এ খবর পেয়ে ২৫ নম্বর ওয়ার্ডের তরুণেরা ২৮ নম্বর ওয়ার্ডের লোকজন নিয়ে তালাইমারী শহীদ মিনার এলাকায় যান।
প্রত্যক্ষদর্শীরা জানান, ২৫ ও ২৮ নম্বর ওয়ার্ডের লোকজন ধারালো অস্ত্র ও ককটেল নিয়ে হামলা চালান। তাঁদের মধ্যে জামায়াত-শিবিরের লোকজন ছিলেন। তাঁরা মুখোশ পরে ছিলেন। হামলাকারীরা বাজে কাজলা (নদীর ধার) এলাকার কয়েকটি বাড়ি ভাঙচুর করেন। তাঁরা নগরের হাদির মোড় পর্যন্ত তেড়ে আসেন। পুলিশ বাধা দিতে গেলে তাঁরা পুলিশকে উদ্দেশ করে দুটি ককটেল নিক্ষেপ করেন। একটি ককটেল বিস্ফোরিত হয়। তবে এতে কেউ আহত হয়নি। অবিস্ফোরিত ককটেলটি পানিতে ডুবিয়ে পুলিশ নিষ্ক্রিয় করে।
নগরের বোয়ালিয়া জোনের সহকারী কমিশনার সাইফুর রহমান বলেন, জুয়া খেলাকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সন্ধ্যায় বিষয়টি মীমাংসার জন্য দুই পক্ষকে নিয়ে থানায় বসার কথা রয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।