>দুজন প্রত্যক্ষদর্শী বলেন, তাঁরা আওয়ামী লীগের কার্যালয়ে চিৎকার শুনে গিয়ে দেখেন এনামুলকে মারধর করছেন সাইফুল। পরে সাইফুলই এনামুলকে স্কুলের দিকে নিয়ে যান
দরজির দোকানে কাজ করে নিজের ও তিন ভাইবোনের লেখাপড়া এবং সংসারের খরচ জোগাতেন এনামুল হক (১৯)। এইচএসসি পরীক্ষা দিয়েছেন। কয় দিন পরই বেরোবে ফল। কিন্তু এর আগেই প্রাণ হারাতে হলো তাঁকে।
এনামুল হক সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার জলিলপুর গ্রামের আবদুল মান্নানের ছেলে। তাঁর পরিবারের অভিযোগ, জুয়া খেলতে বাধা দেওয়ায় ১৯ জুলাই এনামুলকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
ওই ঘটনায় গত শনিবার হত্যা মামলা হয়েছে। হত্যাকারীদের বিচারের দাবিতে গতকাল বুধবার চারটি গ্রামের মানুষ প্রতিবাদ সভা করেছেন। আজ বৃহস্পতিবার একই দাবিতে কাটাখালী বাজারে মানববন্ধন করবেন তাঁরা।
পুলিশ, পরিবার ও এলাকাবাসী সূত্র জানায়, জলিলপুর গ্রামের পাশে ধনপুর ইউনিয়নের কাটাখালী বাজারে দরজির দোকানে কারিগরের কাজ করতেন এনামুল। কাটাখালী গ্রামের সাইফুল ইসলামের (৪০) স্ত্রীকে এনামুল মা বলে ডাকতেন। ১৯ জুলাই রাতে বাজারে ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে কয়েকজনের সঙ্গে নিয়ে জুয়া খেলছিলেন সাইফুল। রাত নয়টার দিকে সাইফুলের স্ত্রী ফোন করে বিষয়টি এনামুলকে জানান এবং সাইফুলকে বাড়িতে পাঠিয়ে দিতে বলেন। এনামুল সাইফুলকে জুয়া খেলতে বাধা দেন এবং বাড়িতে চলে যেতে বলেন। কয়েকবার বাধা দেওয়ায় এনামুলকে মারধর শুরু করেন সাইফুল। একপর্যায়ে লাথি মেরে ফেলে দেন। লোকজন এগিয়ে এলে সাইফুল কিছু হয়নি জানিয়ে এনামুলকে বাজারের পেছন দিকে নিয়ে যান।
এনামুলের চাচা আবদুন নূর বলেন, বাজারের পেছনের স্কুলমাঠে নিয়ে এনামুলকে আরও কয়েকজন মিলে বেধড়ক মারধর করেন সাইফুল। পরে আহত অবস্থায় তাঁকে সাইফুলের বাড়িতে নেওয়া হয়। রাত ১০টার দিকে সাইফুল ফোন করে নূরকে বলেন, এনামুল বিষ খেয়েছে। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। রাত ১২টায় সুনামগঞ্জ শহরে পৌঁছে ফোন দিলে সাইফুল বলেন, তাঁরা সিলেটে যাচ্ছেন। রাত সাড়ে তিনটার দিকে সাইফুল ফোন করে বলেন, এনামুল মারা গেছেন।
এনামুলের লাশের গোসল করিয়েছেন একই গ্রামের আবদুল কুদ্দুস (৫৪)। তিনি বলেন, ‘লাশের কপাল, মুখ, বুকের বাঁ পাশ, পায়ে আঘাতের অসংখ্য চিহ্ন ছিল। ডান পায়ের হাঁটুর নিচে ও দুই পায়ের বৃদ্ধাঙ্গুল ভাঙা মনে হয়েছে।’
দুজন প্রত্যক্ষদর্শী বলেন, তাঁরা আওয়ামী লীগের কার্যালয়ে চিৎকার শুনে গিয়ে দেখেন এনামুলকে মারধর করছেন সাইফুল। পরে সাইফুলই এনামুলকে স্কুলের দিকে নিয়ে যান।
বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদুর রহমান বলেন, ‘আসামি ধরার চেষ্টায় আছি। মামলা নিতে পুলিশ টালবাহানা করেনি।’
উপজেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ বলেন, তিনি প্রথমে আপসের জন্য বলেছিলেন, এখন এ নিয়ে তাঁর কোনো কথা নেই।
গত মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে কাটাখালী গ্রামের সাইফুল ইসলামের বাড়িতে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। তাঁর ঘর তালাবদ্ধ ছিল।
এনামুলের বোন তামান্না আক্তার জানায়, অভাবের কারণে সে লেখাপড়া করতে চায়নি। কিন্তু ভাই তাকে কলেজে ভর্তি করিয়ে জেলা শহরে থাকার ব্যবস্থা করেছেন। ঘটনার পরদিন সকালে তাকে নিয়ে শহরে যাওয়ার কথা ছিল এনামুলের। সে বলে, ‘এখন আমার ভাই নাই। আমি আর লেখাপড়া করব না, শহরে যাব না। ভাই রে, তুমি আমারে রাইখা কই গেলা, তোমার লগে আমারেও নিয়া যাও।’