জুয়া খেলায় বাধা দেওয়ায় হামলা, এসআই রক্তাক্ত

চাঁদপুরের কচুয়া উপজেলার আকানিয়া এলাকায় শনিবার বৈশাখী মেলায় জুয়া খেলায় বাধা দেওয়ায় পুলিশের ওপর হামলা হয়েছে। এতে একজন পুলিশ কর্মকর্তা আহত হন। এ ঘটনায় ইউনিয়ন পরিষদের (ইউপি) একজন সদস্যকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আকানিয়া নাউপুরা বাজারসংলগ্ন মাঠে প্রতিবছর পয়লা বৈশাখে মেলার আয়োজন করে স্থানীয় এলাকাবাসী। কিন্তু অভিযোগ ওঠে, মেলার নামে একদল যুবক জুয়ার আয়োজন করে। দায়িত্বরত পুলিশের উপপরিদর্শক (এসআই) মাহবুবুর রহমান জুয়ায় বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে জুয়াড়িরা তাঁর ওপর হামলা চালায়। হামলায় তাঁর মাথা ফেটে রক্তাক্ত হয়। খবর পেয়ে কচুয়া থানার পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ শাহজাহান কামালের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে এসআই মাহবুবুর রহমানকে উদ্ধার করে। তাঁকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে পাঠানো হয়।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মাহবুবুর রহমান বলেন, এই ঘটনায় স্থানীয় ইউপি সদস্য আবদুল মমিনসহ ওই এলাকার বেশ কয়েকজন জড়িত। মমিনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে কচুয়া থানায় মামলার প্রস্তুতি চলছে।