জুয়াড়িদের সঙ্গে পুলিশের সংঘর্ষ আটক ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সনাটি ইউনিয়নের সোনাকান্দি গ্রামে গতকাল শনিবার ষাঁড়ের লড়াইকে ঘিরে বসা জুয়ার আসরে অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় জুয়াড়িদের সঙ্গে সংঘর্ষে পুলিশের দুই সদস্য আহত হন। এ ঘটনায় সাতজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সনাটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান দুলাল আহমেদ প্রতি শনিবার সোনাকান্দি গ্রামে তাঁর বাড়ির পাশে ষাঁড়ের লড়াইয়ের মাধ্যমে জুয়ার আসর বসান। গতকাল সকালেও ষাঁড়ের লড়াইয়ের আয়োজন করা হয়। একে ঘিরে জুয়ার আসরও বসে। এতে ময়মনসিংহ ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে প্রায় পাঁচ হাজার মানুষের সমাবেশ ঘটে। বিকেল সাড়ে চারটার দিকে গৌরীপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার সালাহ উদ্দিন তালুকার ও গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী শেখসহ পুলিশের একটি দল জুয়ার আসর বন্ধ করতে যায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়াড়িরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ও বাঁশের কুঁচ নিক্ষেপ করতে থাকে।
একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শটগানের ১৬টি গুলি ছোড়ে পুলিশ। এ সময় জুয়াড়িদের ইটের আঘাতে পুলিশের দুই সদস্য আজিজুল হক ও নুরে আলম আহত হন। ঘটনাস্থল থেকে সাত জুয়াড়িকে আটক করে পুলিশ।
ইউপি চেয়ারম্যান দুলাল আহমেদ বলেন, ‘ষাঁড়ের লড়াই জনগণ আয়োজন করে। এখানে আমার কোনো সম্পৃক্ততা নেই।’