জুয়ার আসর থেকে গ্রেপ্তার করায় শহর অবরুদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জুয়া খেলার অভিযোগে ২২ জন শ্রমিক নেতা-কর্মীকে গ্রেপ্তারের প্রতিবাদে গতকাল সড়কে প্রতিবন্ধকতা তৈরি করে জামালপুর শহর অবরুদ্ধ করে রাখেন শ্রমিকেরা। ছবিটি টিউবওয়েল পাড় মোড় থেকে তোলা l প্রথম আলো
জুয়া খেলার অভিযোগে ২২ জন শ্রমিক নেতা-কর্মীকে গ্রেপ্তারের প্রতিবাদে গতকাল সড়কে প্রতিবন্ধকতা তৈরি করে জামালপুর শহর অবরুদ্ধ করে রাখেন শ্রমিকেরা। ছবিটি টিউবওয়েল পাড় মোড় থেকে তোলা l প্রথম আলো

জামালপুরে জুয়া খেলার অভিযোগে গত শুক্রবার রাতে ২২ জন শ্রমিককে গ্রেপ্তার করে পুলিশ। তাঁদের ছেড়ে দেওয়ার দাবিতে গতকাল শনিবার ভোর থেকে শহর অবরুদ্ধ করে রাখেন শ্রমিকেরা। এতে দুপুর ১২টা পর্যন্ত প্রায় সাত ঘণ্টা চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

তবে জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘গত রাতে দালান নির্মাণ শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে সবাই বসে টিভি দেখছিলেন। এ সময় পুলিশ সেখান থেকে তাঁদের গ্রেপ্তার করে নিয়ে যায়। তাঁরা সামান্য তাস খেলছিলেন। পুলিশ তাঁদের অন্যায়ভাবে ধরে নিয়ে গেছে।’

পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১০টার দিকে জেলা শহরের শফি মিয়ার বাজার এলাকায় অভিযান চালিয়ে একটি জুয়ার আসর থেকে ২২ জনকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁদের মধ্যে জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. শফিক এবং দালান নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও নির্মাণ শ্রমিক লীগের জেলা সভাপতি আতাহার আলীসহ ২২ জন নেতা-কর্মী ছিলেন। তাঁদের থানা থেকে ছাড়িয়ে নিতে রাতভর সংশ্লিষ্ট নেতাদের জোর তদবির চলে। কিন্তু পুলিশ তাঁদের ছেড়ে দেয়নি। এতে ক্ষুব্ধ হয়ে গতকাল ভোর পাঁচটা থেকে শহর অবরোধ শুরু করেন শ্রমিক নেতা-কর্মীরা। তাঁরা শহরের ফেরিঘাট, ভকেশনাল, জিগাতলা, বাইপাস মোড়, ছোনকান্দা, কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনেসহ গোটা শহরের বিভিন্ন প্রবেশ পথে আড়াআড়িভাবে ট্রাক, বাস, পিকআপ ভ্যান রেখে রাস্তা বন্ধ করে দেন। এ সময় শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অবরোধের কারণে যাত্রীরা দুর্ভোগে পড়েন। বেলা ১১টার দিকে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়ে দেয় পুলিশ। এরপর দুপুর ১২টার দিকে অবরোধ তুলে নেন শ্রমিকেরা। পরে যান চলাচল শুরু হয়।

সরেজমিনে দেখা যায়, শহরের প্রবেশমুখে প্রতিবন্ধকতা তৈরির কারণে কয়েক শ যানবাহন আটকা পড়ে আছে। বাদ পড়েনি পত্রিকাবাহী গাড়িও। এ কারণে অফিসগামী ও বিভিন্ন যানবাহনের যাত্রীরা রোদের মধ্যে হেঁটে গন্তব্যে যাচ্ছেন।

দেওয়ানগঞ্জ উপজেলার সীমান্তবর্তী সানন্দবাড়ি এলাকা থেকে এসেছেন রফিকুল ইসলাম। তিনি যাবেন ঢাকায়। ভোরে পরিবারের সদস্যদের নিয়ে তিনি কেন্দ্রীয় বাস টার্মিনালে বসে আছেন। অবরোধের কারণে কোনো যাত্রীবাহী বাস ছেড়ে যাচ্ছে না। তিনি বলেন, ‘শুনতে পেলাম জুয়াড়িদের গ্রেপ্তার করায় রাস্তায় ব্যারিকেড দেওয়া হয়েছে। মানুষকে জিম্মি করে এ কেমন প্রতিবাদ?’

নারকেলি এলাকার রাশেদুল ইসলাম বলেন, ‘জুয়াড়িদের গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের নেতা-কর্মীরা দেশটাকে মগের মুল্লুক পেয়েছেন। রাস্তায় ব্যারিকেড দিয়ে শহরবাসীকে অবরুদ্ধ করেছেন। তাঁরা সাধারণ মানুষকে নিরীহ পেয়েছেন। এ অবস্থা চলতে থাকলে সাধারণ মানুষকে শহর ছেড়ে চলে যেতে হবে।’

পুলিশ সুপার (এসপি) মো. দেলোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, তাঁরা কোনো ইউনিয়নের নেতা-কর্মী। তাই বলে কি অপরাধ করলে তাঁদের গ্রেপ্তার করা যাবে না? প্রতিদিন ওই কার্যালয়ে জুয়ার আসর বসানো হয়। জুয়ার আসর থেকে পুলিশ তাঁদের গ্রেপ্তার করেছে। আইন সবার জন্য সমান। তাঁদের ছাড়িয়ে নিতে মানুষকে দুর্ভোগের মধ্যে ফেলে—এ ধরনের কর্মসূচি ঠিক না।