জুয়ার আসরে চাঁদা চেয়ে লাঞ্ছিত এএসআই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের তাড়াশে জুয়ার আসরে চাঁদা চেয়ে পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) লাঞ্ছিত হয়েছেন। লাঞ্ছিত এএসআই হাফিজ উদ্দীন তাড়াশ থানায় কর্মরত আছেন। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার রানীর হাটে ঘটনাটি ঘটে।

স্থানীয় একাধিক বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, এএসআই হাফিজ উদ্দীন গতকাল সন্ধ্যায় রানীর হাট মেলায় জুয়ার আসরে গিয়ে জুয়াড়িদের কাছে ৫০ হাজার টাকার চাঁদা দাবি করেন। এ সময় জুয়াড়িরা তাঁকে ১০ হাজার টাকা দেন। এতে সন্তুষ্ট না হয়ে এএসআই হাফিজ এবং তাঁর সঙ্গে থাকা পুলিশ সদস্যরা চারজন জুয়ারিকে আটক করে বেদম মারপিট করেন।
এতে জুয়ারিরা ক্ষুব্ধ হয়ে পুলিশ সদস্যদের ঘিরে ফেলেন। এ সময় তাঁরা এএসআই হাফিজকে একটি ঘরের মধ্যে আটক করে লাঞ্ছিত করেন। পরে স্থানীয় নেতৃবৃন্দ ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে তাঁকে ছেড়ে দেওয়া হয়।

এ প্রসঙ্গে জানার জন্য এএসআই হাফিজ উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি পত্রিকায় সংবাদ না ছাপানোর অনুরোধ করেন। তিনি বলেন, সামান্য মনোমালিন্য হয়েছিল পরে মীমাংসা হয়ে গেছে।

তবে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা টিএম আমিনুল ইসলাম ঘটনা সত্য বলে জানিয়েছেন। তিনি বলেন, বিষয়টি জেলার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।