জুয়ার আসরে ধাওয়া, একজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় গত রোববার রাতে জুয়ার আসরে পুলিশের ধাওয়ায় নিজাম উদ্দিন (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। পুলিশের ধাওয়ার পর প্রথমে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে নিজ বাড়িতে তিনি মারা যান। তাঁর বাড়ি ভুবনকুড়া ইউনিয়নের রান্ধুনিকুড়া গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাত ১২টার দিকে পুলিশ রান্ধুনিকুড়া গ্রামে জুয়ার আসরে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করেন। এ সময় নিজাম উদ্দিনসহ সাতজনকে আটক করে পুলিশ। তখন নিজাম উদ্দিন শারীরিক অসুস্থতার কথা জানান। অবস্থার অবনতি হলে পুলিশ তাঁর চাচাতো ভাই গোলাম মোস্তফাকে খবর দেয়। পরে তিনি নিজাম উদ্দিনকে বাড়িতে নিয়ে যান। ঘণ্টা খানেক পর নিজাম উদ্দিন নিজ বাড়িতে মারা যান।
অভিযানে আটক অন্য ছয়জন হলেন আমজাদ আলী, মেহেদী হাসান, মোস্তাক আলী, আবদুর রশিদ, আবদুল মালেক ও রফিজুল ইসলাম। তাঁদের বাড়ি উপজেলার রান্ধুনিকুড়া, জিগাতলা ও ছাতুগাঁও গ্রামে। গতকাল সোমবার তাঁদের ভ্রাম্যমাণ আদালতে নেওয়া হয়। হালুয়াঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হেলালুজ্জামান সরকার তাঁদের প্রত্যেককে ছয় মাসের কারাদণ্ড দেন।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, দৌড়ে পালাতে গিয়ে নিজাম উদ্দিন অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসার পরামর্শ দিয়ে এক স্বজনের কাছে তাঁকে দেওয়া হয়। পরে তাঁর মৃত্যু হয়।