জুয়ার আসরে মারামারি, একজনের মৃত্যু
গাজীপুরে গত সোমবার দিবাগত রাতে জুয়ার আসরে দুই পক্ষের মারামারি ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় গর্তে পড়ে ঢাকার সাভারের এক ব্যবসায়ীর মৃত্যু হয়। আহত হন কমপক্ষে ১০ জন। এ ঘটনায় পুলিশ চারজনকে আটক করেছে।
নিহত ব্যক্তির নাম আজিজুর রহমান (৫০)। বাড়ি সাভারের উত্তর রাজাসাম এলাকায়। তিনি এলাকায় ওয়েল্ডিংয়ের ব্যবসা করতেন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, জেলা প্রশাসন আনসার ও র্যাব নিয়ে বিভিন্ন সময় অভিযান চালিয়ে জুয়ার আসর ভেঙে দিয়েছে। তাতে কাজ হয়নি। পরে র্যাব নিয়ে অভিযান চালিয়ে মালামাল জব্দ করে। আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় জুয়ার প্যান্ডেল। এরপর অভিযান চালায় পুলিশও। সর্বশেষ জুয়ার মাঠের জমি বাজেয়াপ্তের নোটিশ দেওয়া হয়। তবু জুয়াড়িরা গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় মাইকিং করে প্রতিদিন দুপুর থেকে জুয়ার আসর চালাচ্ছে।
সূত্র জানায়, সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে জুয়ার এক বোর্ডের টাকা নিয়ে জুয়াড়ি ও বোর্ড পরিচালনাকারীদের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় লাঠি ও ইটপাটকেল দিয়ে টিনের বেড়ায় এলোপাতাড়ি আঘাত করা হয়। আতঙ্কিত লোকজন হুড়োহুড়ি করে ছুটতে থাকে। এ সময় দৌড়ে পালানোর সময় বেশ কয়েকজন পাশের একটি গর্তে পড়ে যায়। পরে স্থানীয় ব্যক্তিরা ওই গর্ত থেকে গুরুতর অবস্থায় ১০-১২ জনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়। এর মধ্যে আজিজুর রহমানকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। গতকাল মঙ্গলবার ভোরে নিহত ব্যক্তির স্বজনেরা গোপনে হাসপাতাল থেকে লাশ নিয়ে যান। খবরটি দুপুরে জানাজানি হলে কর্তৃপক্ষের টনক নড়ে। এ ঘটনায় বিকেলে হাসপাতাল কর্তৃপক্ষ জয়দেবপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে।
আজিজুর রহমানের ভাই মজিবুর রহমান বলেন, জুয়ার আসরে তাঁর ভাইয়ের মৃত্যু হয়েছে, এমন খবর জানাজানি হলে পরিবারকে বিব্রতকর অবস্থায় পড়তে হবে। তাই ময়নাতদন্ত ছাড়া লাশ নিয়ে আসা হয়েছে।
হাসপাতালের আবাসিক চিকিৎসক প্রণয় ভূষণ দাস বলেন, গতকাল ভোররাতে ওই ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। পানিতে ডুবে তাঁর মৃত্যু হয়েছে বলে সঙ্গে থাকা লোকজন জানিয়েছেন। বিষয়টি পুলিশকে জানিয়ে রাতেই একটি চিঠি দেওয়া হয়। কিন্তু হাসপাতালের ডোম মোহাম্মদ আলীর কাছ থেকে নিহত ব্যক্তির স্বজনেরা কৌশলে ওই চিঠি নিয়ে যান। পরে কোনো অনুমতি ছাড়াই লাশটি স্বজনেরা ভোরে হাসপাতাল এলাকা থেকে নিয়ে যান।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ‘এক ব্যক্তির মৃত্যুর বিষয়টি শুনেছি। কিন্তু কেউ কোনো অভিযোগ দেয়নি। আটক চারজনকে ৫৪ ধারায় আদালতে চালান দেওয়া হয়েছে।’