জুয়ার আসরে যুবক গুলিবিদ্ধ, আটক ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জুয়ার আসরে একদল দুর্বৃত্ত হানা দেয়। গুলি ছোড়ে, টাকা লুট করে। এ সময় বাধা দিতে গেলে শহীদুল ইসলাম নামের এক যুবক গুলিবিদ্ধ হন। নাটোরের নলডাঙ্গা উপজেলার পিপরুল গ্রামে গত সোমবার রাতে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় জড়িত সন্দেহে যুবলীগের নেতাসহ দুজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন উপজেলার শ্যামনগর গ্রামের সাইফুল ইসলাম ও মাধবপুর গ্রামের তবিবুর রহমান। সাইফুল উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোমবার রাতে পিপরুল গ্রামের আনোয়ার হোসেনের বাড়িতে শহীদুলসহ কয়েকজন জুয়া খেলছিলেন। রাত ১০টার দিকে একদল দুর্বৃত্ত সেখানে হানা দেয়। গুলি ছুড়তে ছুড়তে জুয়ার আসরের টাকা লুটপাট শুরু করে। এ সময় বাধা দিলে শহীদুলের (২৮) শরীরে গুলি করা হয়। তাঁর বাড়ি উপজেলার ধোবাপুকুর গ্রামে। চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে শহীদুলকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
জানতে চাইলে শহীদুলের আত্মীয় হাফিজুর রহমান গতকাল বুধবার সকালে প্রথম আলোকে বলেন, শহীদুলের শরীরে অস্ত্রোপচার করা হয়েছে। তিনি এখন হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রয়েছেন। নলডাঙ্গা থানার ওসি মোস্তফা কামাল বলেন, তবিবুরের বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা রয়েছে। আর সাইফুল এলাকায় জুয়ার আসর বসান বলে অভিযোগ রয়েছে। তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। শহীদুলের আত্মীয়স্বজন হাসপাতালে থাকায় এখন পর্যন্ত মামলা হয়নি।