জুয়ার টাকার ভাগ বাঁটোয়ারা নিয়ে এএসআই লাঞ্ছিত
সিরাজগঞ্জের তাড়াশে জুয়ার টাকার ভাগ-বাঁটোয়ারা নিয়ে বিরোধে জুয়াড়িদের হাতে তাড়াশ থানার সহকারী উপপরিদর্শক হাফিজ উদ্দীন লাঞ্ছিত হয়েছেন। গত শনিবার সন্ধ্যায় উপজেলার তালম ইউনিয়নের রানীরহাট মেলায় এ ঘটনা ঘটে।
স্থানীয় লোকজনের সূত্রে জানা যায়, তাড়াশ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) হাফিজ উদ্দীন সঙ্গীয় ফোর্সসহ রানীর হাট মেলায় জুয়ার আসরে এসে জুয়াড়িদের কাছ থেকে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। জুয়াড়িরা তাঁকে ১০ হাজার টাকা দেন। এতে তিনি সন্তুষ্ট না হয়ে আরও ৪০ হাজার টাকা দাবি করেন। এ টাকা না দেওয়ায় এএসআই হাফিজ চার জুয়াড়িকে ধরে বেদম মারধর করেন। পরে জুয়াড়িরা সংঘবদ্ধ হয়ে পুলিশ সদস্যদের ঘিরে ফেলেন। এএসআই হাফিজকে ধরে একটি ঘরে নিয়ে আটকে লাঞ্ছিত করেন তাঁরা। পরে বিষয়টি স্থানীয় নেতারা ও পুলিশের কর্মকর্তাদের জানানোর পর তাঁকে ছেড়ে দেওয়া হয়।
এ বিষয়ে এএসআই হাফিজের সঙ্গে যোগাযোগ করা হলে বলেন, সামান্য মনোমালিন্য হয়েছিল। পরে দুই পক্ষের মধ্যে মীমাংসা হয়েছে।