দীর্ঘদিন ধরে সড়ক পাকা করার দাবি জানিয়েছে গ্রামবাসী। এ বিষয়ে প্রতিশ্রুতিও দিয়েছিলেন সাংসদসহ স্থানীয় জনপ্রতিনিধিরা। কিন্তু তাঁরা কথা রাখেননি। দুই বছর আগে আওয়ামী লীগের স্থানীয় এক নেতা ওই গ্রামে জুয়ার আসর বসান। কথা দেন জুয়ার টাকায় রাস্তা পাকা করা হবে। তিনি কথা রেখেছেন। ইট-বালু দিয়ে গত এক বছরে সরকারি রাস্তাটির এক কিলোমিটার ‘পাকা’ করা হয়েছে।
ইতিমধ্যে জুয়ার আসরের পরিধিও বেড়েছে। আনাগোনা বেড়েছে বাইরের লোকজনের। গ্রামের মেয়েরা এখন স্বাচ্ছন্দ্যে রাস্তায় বেরোতে পারে না। চুরির ঘটনা ঘটছে অহরহ। অতিষ্ঠ হয়ে পড়েছে গ্রামবাসী। তারা এখন জুয়া চায় না, রাস্তাও চায় না। কিন্তু প্রভাবশালী মহলের চাপে তারা কিছুই করতে পারছে না। এ ঘটনা নাটোরের লালপুর উপজেলার কদিমচিলান ইউনিয়নের বেলগাছি গ্রামের।
উপজেলার উত্তর-পূর্বে বেলগাছি গ্রামের অবস্থান। এই গ্রামের খালের ওপারে বড়াইগ্রাম উপজেলা। নাটোর-পাবনা মহাসড়কের দাঁড়পাড়া মোড় থেকে বেলগাছি পর্যন্ত সড়কের দূরত্ব প্রায় সোয়া এক কিলোমিটার। এই রাস্তা হয়ে গ্রামের প্রায় দুই হাজার মানুষ উপজেলা সদরে যাতায়াত করে। মাঠের ফসল আনা-নেওয়া হয় এই রাস্তা দিয়েই।
বেলগাছি গ্রামের অন্তত নয়জনের সঙ্গে কথা বলে জানা গেছে, গত চারটি জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীরা যখন এ গ্রামে ভোট চাইতে এসেছেন, তখন গ্রামবাসী সড়কটি পাকা করার দাবি জানিয়েছিল। তাঁরা রাস্তাটি পাকা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু কেউ কথা রাখেননি। দুই বছর আগে রাস্তা পাকা করার কাজ শুরু হয়। এ কাজে নেতৃত্ব দিচ্ছেন কদিমচিলান ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাজাহান মণ্ডল। দুই বছর আগে তাঁর নেতৃত্বে গ্রামের মাঝখানে খালের পাড়ে জুয়ার আসর বসানো হয়। রাস্তাটি পাকা করার জন্য শাজাহান মণ্ডলের কাছে টাকা জমা দেওয়া হয়।
গত শুক্রবার দুপুরে সরেজমিনে দেখা যায়, দাঁড়পাড়া মোড় থেকে প্রায় এক কিলোমিটার রাস্তায় বালু ও খোয়া ফেলে সমান করা হয়েছে। দুই পাশে ফসলি জমি। এরপর বসতি শুরু। গ্রামের ভেতর সড়কের কিছুদূর পরপর ইট ফেলে রাখা হয়েছে। কয়েকটা বসতভিটা পরেই রাস্তার ডান পাশে ফজলু খাঁয়ের বাড়ি। এর পূর্ব পাশে খালের ধারে পাটখড়ির দুটি ছাউনি। সেখানে চলছে জুয়া খেলা। আশপাশে মোটরসাইকেল ও সাইকেল রাখা। সেখানে যাওয়ামাত্র কয়েকজন দৌড়ে পালালেন। মোটরসাইকেল নিয়ে বেরিয়ে গেলেন আরও কয়েকজন। কথা হয় রুহুল আমিন নামের এক ব্যক্তির সঙ্গে। তিনি কদিমচিলান ইউনিয়ন যুবলীগের কর্মী। সময় কাটাতে এখানে এসেছিলেন বলে দ্রুত সটকে পড়েন তিনি।
পাশের বাড়ির খবির উদ্দিন বলেন, প্রায় দুই বছর ধরে এখানে প্রকাশ্যে জুয়া চলছে। তাঁর স্ত্রী মরিয়ম বেগম বলেন, বউ-মেয়ে নিয়ে বসবাস করাই দায় হয়েছে। দুনিয়ার মানুষ সারা দিন এখানে আসে জুয়া খেলতে। সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এ খেলা চলে। বাধা দেন না কেন জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা গরিব মানুষ। বাধা দেওয়ার সাধ্য আমাদের নাই। শুনি, মাঝেমধ্যে পুলিশও আসে। একবার তিনজনকে ধরি লিয়া গিছিল। পরে ছাড়ি দিছে। তাই কষ্ট হলেও মানি নিছি।’
আওয়ামী লীগ নেতা শাজাহান মণ্ডল মুঠোফোনে বলেন, ‘রাস্তাটি আমার নেতৃত্বে নির্মিত হচ্ছে এটা ঠিক নয়। প্রকৃতপক্ষে গ্রামের সবাই মিলে রাস্তাটি করছি। চলাচলের সুবিধার জন্যই জুয়ার আসরের লোকজন টাকা দিচ্ছে। ওরা প্রশাসনকে টাকা দিয়ে খেলছে। তবে এতে গ্রামের লোকজনেরও উপকার হচ্ছে।’
সরকারি দলের নেতা হয়ে কেন এ কাজ সমর্থন করছেন জানতে চাইলে তিনি বলেন, ‘আমি জুয়া খেলার সঙ্গে একদম জড়িত নই। আমি ছোট নেতা। আমার চেয়ে অনেক বড় নেতা আছেন। তাঁরা খেললে আমার কী করার আছে?’ জুয়া খেলার সঙ্গে জড়িত কারও নাম বলতে তিনি রাজি হননি।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ বলেন, ‘জায়গাটা (বেলগাছি গ্রাম) থানার শেষ প্রান্তে। আমি জুয়া খেলার ব্যাপারটা জানতাম না। সাংসদের কাছ থেকে শোনার পর আমি খেলা বন্ধ করার নির্দেশ দিয়েছি।’
নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সাংসদ মো. আবুল কালাম বলেন, ‘শুনেছি ওখানে অনেক দিন থেকে জুয়া খেলা হচ্ছে। আগামী জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য বলব। রাস্তাটি পাকা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছি।’