জুয়ার নগর বরিশাল, চলছে অশ্লীল নৃত্যও
বরিশাল নগরের বিভিন্ন স্থানে জুয়া, হাউজি, চরচরি, ডিস, চরকা খেলা ও অশ্লীল নৃত্য চলছে। এর মধ্যে দুটি স্থানে আয়োজন সাময়িক বন্ধ থাকলেও আবার চালুর অপেক্ষায় রয়েছে। নগরবাসীর অভিযোগ, বরিশাল এখন জুয়ার নগরে পরিণত হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, নগরের গড়িয়ার পাড় এলাকায় স্থায়ীভাবে জুয়া, হাউজি ও অশ্লীল নৃত্য চলছে। গত ১৫ নভেম্বর থেকে ২৯ নম্বর ওয়ার্ডের কাশিপুরে চলছে জুয়া ও নৃত্য। ১৮ মার্চ বরিশাল শিল্প ও বণিক সমিতি বাণিজ্য মেলার নামে শুরু করেছে জুয়া, হাউজি, অশ্লীল নৃত্য ও লটারি। ১৪ ফেব্রুয়ারি কাউনিয়া এলাকায় আনন্দমেলার নামে শুরু হওয়া জুয়া, হাউজি ও লটারির আসর দুই দিন বন্ধ ছিল। সেটি আবার শুরু হবে বলে জানা গেছে। এ ছাড়া ২৭ নম্বর ওয়ার্ডে প্রায় এক বছর ধরে চলে আসা জুয়ার আসর কিছুদিন বন্ধ থাকলেও স্থাপনা ভাঙা হয়নি। উন্মুক্ত জুয়ার বাইরেও রয়েছে একটি হোটেল মালিকের জুয়ার আসর।
গত বুধবার রাত নয়টায় বাণিজ্য মেলায় গিয়ে দেখা যায়, সামনে কিছু দোকানপাট, তবে তেমন ক্রেতা নেই। দোকানগুলোর পেছনে রয়েছে ছয়টি জুয়ার আসর। পুতুল নাচে পুতুল নেই। সংগীতসন্ধ্যার তাঁবুতে চলছে অশ্লীল নাচ। যাত্রার নামেও চলছে অশ্লীল নৃত্য। রয়েছে এক হাজারের বেশি দর্শক বসার একটি হাউজি শেড এবং সবুজ বাংলা নামে লটারির আসর। বৃহস্পতিবার রাতে কাশিপুর এলাকার আসরে দেখা যায় পাঁচটি জুয়ার আসর, একটি হাউজি ও যাত্রার নামে অশ্লীল নৃত্য প্রদর্শনী।
স্থানীয় লোকজনের অভিযোগ, প্রতিদিন জুয়া ও হাউজি থেকে পাওয়া অর্থের একটা অংশ নিচ্ছেন রাজনৈতিক দলের নেতা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বরিশাল সদর আসনের সাংসদ জেবুন্নেছা আফরোজ ও যুবলীগের এক নেতাকেও অর্থের ভাগ দেওয়া হচ্ছে। সাংসদ জেবুন্নেছা আফরোজ প্রথম আলোকে বলেন, ‘বরিশাল জুয়ার নগরে পরিণত হয়েছে এটা আমার জন্য লজ্জার বিষয়। প্রতিদিন টাকা দিয়ে আমাকে ম্যানেজ করা হচ্ছে—এ অভিযোগ সম্পূর্ণ বানোয়াট। আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বলে জুয়া বন্ধে পদক্ষেপ নেব।’
বরিশাল মহানগর পুলিশ কমিশনার শৈবাল কান্তি চৌধুরী বলেন, অনুমোদন নিয়েই চলছে আনন্দমেলা। এর মধ্যে কাউনিয়া এলাকার আনন্দমেলার সময় শেষ হওয়ায় সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। বর্তমানে নগরে শুধু বাণিজ্য মেলা চলছে। বিনোদনের আড়ালে অন্য কোনো বিষয় থাকলে সে ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হবে।
বরিশাল শিল্প ও বণিক সমিতির সভাপতি সাইদুর রহমান বলেন, ‘বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমোদন ও পুলিশের অনুমতি নিয়ে বাণিজ্য মেলা শুরু হয়েছে। এখানে অনৈতিক কিছু থাকলে সেটা প্রশাসনের দেখা উচিত। কাউকে অর্থ দিয়ে ম্যানেজ করার কোনো বিষয় নেই।