জুয়াড়ি ও মাদকসেবীর কারাদণ্ড, জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুরে দুই জুয়াড়িকে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মাদক সেবনের অপরাধে চারজনকে দুই হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। আজ সোমবার সকালে সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু ছালেহ মো. মুসা জঙ্গী এ রায় দেন।

সৈয়দপুর থানার পুলিশ জানায়, কারাদণ্ডপ্রাপ্ত দুই জুয়াড়ি হলেন ধলাগাছ মাঝপাড়ার আকবর আলীর ছেলে আশরাফুল (৩৫) ও একই এলাকার পশ্চিমপাড়ার মৃত রহমুদ্দিনের ছেলে বাবু (৪৫)। মাদক সেবনের দায়ে যাঁদের জরিমানা করা হয়েছে, তাঁরা হলেন শহরের মিস্ত্রিপাড়ার ইয়াছিন আলীর ছেলে মিলন (২০), পার্বতীপুর উপজেলার বাবুপাড়ার বারী মিস্ত্রির ছেলে সেলিম (২৫), একই এলাকার সাহেবপাড়ার নুর আলমের ছেলে সাগর (২৮) ও সৈয়দপুর শহরের আলম প্রেস লেনের বাসিন্দা সেলিমের ছেলে শাকিল (২৫)।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম জানান, উপজেলার ধলাগাছ এলাকায় জুয়া খেলার সময় দুজনকে আটক করা হয়। গাঁজা সেবনের দায়ে শহরের বিভিন্ন স্থান থেকে চারজনকে আটক করা হয়। পরে আটক ছয়জনকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত দুই জুয়াড়িকে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন। চার মাদকসেবীকে দুই হাজার টাকা করে জরিমানা করেন।

ওসি জানান, দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের নীলফামারী জেলা কারাগারে পাঠানো হয়েছে। জরিমানা আদায়ের পর মাদকসেবীদের ছেড়ে দেওয়া হয়েছে।