জুয়াড়িদের খপ্পরে পড়ে নিঃস্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তিনটি স্থানে জুয়া খেলা চলার অভিযোগ উঠেছে। এতে জুয়াড়িদের খপ্পরে পড়ে সাধারণ মানুষ নিঃস্ব হচ্ছেন। এদিকে জুয়া খেলা বন্ধের দাবিতে গত রোববার জেলা প্রশাসককে (ডিসি) লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
ওই অভিযোগে বলা হয়, উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের আমতলী বাজার, গুমানিগঞ্জ ইউনিয়নের ফুলপুকুরিয়া ও তালুককানুপুর ইউনিয়নের বালুয়া বাজারে তিন তাস, ফর, ডাব্বুসহ নানা ধরনের জুয়া খেলা চলছে। এসব স্থানে তাঁবু টানিয়ে রাত আটটা থেকে ভোর চারটা পর্যন্ত খেলা চলছে। প্রতিটি জুয়ার আসরে দৈনিক চার থেকে পাঁচ লাখ টাকার খেলা হয়। কোনো জুয়ার আসর চার মাস, কোনোটি ছয় মাস ধরে চলছে।
নাম প্রকাশে অনিচ্ছুক আমতলী এলাকার এক জুয়াড়ি মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘পুলিশকে ম্যানেজ করেই জুয়া চালাচ্ছি।’
এদিকে জুয়া বন্ধের জন্য গুমানিগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) এক নম্বর ওয়ার্ডের সদস্য ইমরুল কায়েস গত রোববার ডিসির কাছে ওই লিখিত অভিযোগ দেন।
ইউপি সদস্য ইমরুল কায়েস বলেন, জুয়া খেলার কারণে এলাকায় চুরি-ছিনতাই বেড়েছে। ২২ আগস্ট স্থানীয় ব্যবসায়ী হাবিবুর রহমানের মোটরসাইকেল চুরি গেছে। অভিযোগ দেওয়ার পরও প্রশাসন জুয়া বন্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না।
অপরদিকে জুয়াড়িদের খপ্পরে পড়ে সাধারণ মানুষ নিঃস্ব হচ্ছেন। রাখালবুরুজ ইউনিয়নের আমতলী গ্রামের ব্যবসায়ী দেলোয়ার মিয়া বলেন, উঠতি বয়সের তরুণেরা ধান-চাল বিক্রি করে জুয়া খেলে নিঃস্ব হচ্ছেন। বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানিয়েও কোনো কাজ হচ্ছে না। গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান বলেন, জুয়াড়িরা পুলিশের সঙ্গে যোগসাজশে এসব চালিয়ে টাকা হাতিয়ে নিচ্ছেন। কিন্তু প্রশাসনের টনক নড়ছে না। একই অভিযোগ করেন গোবিন্দগঞ্জ নাগরিক কমিটির আহ্বায়ক মতিন মোল্লা। তিনি বলেন, দীর্ঘদিন ধরে পুলিশের ছত্রচ্ছায়ায় গোবিন্দগঞ্জে জুয়া চলছে। এ নিয়ে সভা-সমাবেশ ও মানববন্ধন করেও জুয়া বন্ধ হয়নি।
অভিযোগ অস্বীকার করে সদ্য যোগ দেওয়া গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত সরকার গতকাল বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘জুয়া চালানোর বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।’