জুয়াড়িদের হামলায় অতিরিক্ত পুলিশ সুপারসহ আহত ৫
দিনাজপুরে জুয়াড়িদের হামলায় গত সোমবার রাতে অতিরিক্ত পুলিশ সুপার ও গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। আহত পুলিশ সদস্যদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, নবাবগঞ্জ উপজেলার বিনোদনগর ইউনিয়নের বোয়ালমারী গ্রামে নিয়মিত জুয়াড়িদের আসর বসে। এ খবর জানার পর সোমবার রাত নয়টার দিেক অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ ও ডিবির ওসি মো. মনিরুজ্জামানের নেতৃত্বে সাদাপোশাকে একদল পুলিশ জুয়াড়িদের ধরতে ঘটনাস্থলে যান। কিন্তু সেখানে গিয়ে জানতে পারেন, জুয়াড়িরা দিনাজপুরের সীমানার ঠিক পরে রংপুরের পীরগঞ্জ উপজেলার খালাসপীর ইউনিয়নের পাড়বোয়ালমারী গ্রামে আড্ডা বসিয়েছে। পুলিশের দলটি সেখানে গিয়ে উপস্থিত হলে জুয়ািড়রা ও গ্রামবাসীরা মিলে পুলিশের ওপর হামলা চালায়। এ সময় জুয়াড়িদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া হয়। এতে মাহফুজ্জামান আশরাফ, মনিরুজ্জামানসহ পাঁচ পুলিশ সদস্য আহত হন। রাতেই আহত ব্যক্তিদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের চতুর্থ তলায় সার্জারি ওয়ার্ডের কেবিনে চিকিৎসাধীন রয়েছেন মাহফুজ্জামান আশরাফ। তাঁর চিকিৎসক মো. আবদুস সালাম বলেন তাঁর অবস্থা আশঙ্কামুক্ত।